রাহুল সিনহা রাজ্যসভার প্রার্থী হিসেবে রাহুল সিনহার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর মনোনয়নে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, গুরুতর ভুল ও তথ্য গোপনের অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে তাঁর মনোনয়ন গ্রহণ করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
তৃণমূলের অভিযোগ, মনোনয়নের ২৬ নম্বর ক্লজে দেওয়া তথ্যের মধ্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে। সাধারণত রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ ও নিরবচ্ছিন্ন বলেই মনে করা হয়। সেখানে হঠাৎ করে এমন গরমিল সামনে আসায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল চাপানউতোর।
এই ইস্যুতে সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। নির্বাচন কমিশনকে লেখা অভিযোগপত্রের কপি নিজেদের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে দীর্ঘ বার্তাও দিয়েছে তারা। সেই পোস্টে দাবি করা হয়েছে, বিজেপি প্রার্থীর জমা দেওয়া হলফনামা (ফর্ম–২৬)-তে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে এবং একাধিক অসঙ্গতি রয়েছে। তৃণমূলের বক্তব্য, আর্থিক ঘোষণার অস্পষ্টতা থেকে শুরু করে সম্পত্তি, যানবাহন, দেনা-পাওনা এবং বিনিয়োগ সংক্রান্ত বিবরণেও একাধিক গরমিল রয়েছে।
শাসকদলের আরও দাবি, স্ক্রুটিনির সময় তাঁদের প্রতিনিধিরা এই ত্রুটিগুলি রিটার্নিং অফিসারের নজরে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি। তৃণমূলের অভিযোগ, স্ক্রুটিনির প্রক্রিয়া কার্যত শেষ হয়ে যাওয়ার পর একটি সংশোধিত হলফনামা সামনে আনা হয়, যা আগে যাচাইয়ের জন্য দেওয়া হয়নি এবং জনসমক্ষেও আপলোড করা হয়নি।