কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।-ফাইল ছবিমেট্রো, অটো এবং শেষে নবান্ন, সাধারণ যাত্রীর মতোই কলকাতায় সফর করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে এসে তাঁর এই ব্যতিক্রমী সফর নজর কেড়েছে বহু মানুষের।
বিমানবন্দরে নামার পরই কেন্দ্রীয় রেলমন্ত্রী সরাসরি যান সংলগ্ন জয় হিন্দ মেট্রো স্টেশনে। সেখানে কিছু সময় কাটিয়ে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং মেট্রো পরিষেবা নিয়ে তাঁদের অভিজ্ঞতা শোনেন। যাত্রীরা অধিকাংশই পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বলে জানা গিয়েছে।
এরপর জয় হিন্দ স্টেশন থেকেই মেট্রোয় যাত্রা শুরু করেন তিনি। সাধারণ যাত্রীদের মতোই একই কোচে সফর করে পৌঁছে যান নোয়াপাড়া স্টেশনে। সেখানেও ভিআইপি প্রোটোকল এড়িয়ে তিনি সাধারণ পথই বেছে নেন এবং স্টেশন থেকে অটোতে করে নবান্নের উদ্দেশে রওনা দেন। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তর আলোচনা হয়। পরে সাংবাদিক বৈঠকে একগুচ্ছ বড় ঘোষণাও করেন রেলমন্ত্রী।
তিনি জানান, শিলিগুড়ি-দিল্লি বুলেট ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে, যা মাত্র ছয় ঘণ্টায় গন্তব্যে পৌঁছে দেবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে কলকাতা মেট্রোর জন্য ৬০টি নতুন আধুনিক রেক আনা হবে বলেও ঘোষণা করেন তিনি। এছাড়া ডানকুনি-সুরাট ইস্ট-ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেট করিডর নির্মাণের পরিকল্পনার কথাও জানান রেলমন্ত্রী। এর ফলে পণ্য পরিবহণ দ্রুত হবে এবং রাজ্যের বাণিজ্যে গতি আসবে বলে দাবি তাঁর।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে ১০২টি ‘অমৃত ভারত স্টেশন’ আধুনিকীকরণ করা হবে এবং ৫৩৮টি নতুন ফ্লাইওভার ও আন্ডারপাস তৈরি করা হবে, যা যানজট ও দুর্ঘটনা কমাতে সাহায্য করবে। রাজ্যের আগের সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, আগে উন্নয়নমূলক প্রকল্পে বাধা এসেছে, তবে এখন পরিস্থিতি বদলেছে এবং দ্রুত কাজ এগোবে।