কোন কোন জেলায় সতর্কতা? ১২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই কলকাতা ও শহরতলীতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এর জেরে কয়েকধাপ নেমেছে তাপমাত্রার পরিমাণও। তবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে সহজে রেহাই মিলবে না। আগামী এক সপ্তাহে বাংলার আবহাওয়ার কী পূর্বাভাস?
দক্ষিণবঙ্গে এক সপ্তাহ ধরে ঝড়বৃষ্টি?
শনিবার সকাল থেকেই ভিজেছে কলকাতা, দুই ২৪ পরগনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায়। এই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। সন্ধ্যায় বৃষ্টি বাড়বে দুই ২৪ পরগনায়।
রবিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
সোমবার নদিয়া, দুই ২৪ পরনা, দুই মেদিনীপুর জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টি হবে মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমাব, পুরুলিয়া, বাঁকুড়ায়। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
শনিবার বৃষ্টি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুরে। রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতেই। সোমবার থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, তাতেও হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তরের জেলাগুলিতে।
বৃষ্টি বাড়বে সোমবার। ওই দিন ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। জারি রয়েছে কমলা সতর্কতা। হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পঙে।
কেরলম দিয়ে দক্ষিণ ভারতে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেছে। তবে বাংলায় এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে তা বর্ষার বৃষ্টি নয়। এর নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশের পূর্ব দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গ এবং সংলগ্ন বিহারের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়।