Ritabrata TMC Office: তৃণমূল ভবনের 'দখল' নিলেন ঋতব্রত-ফিরহাদরা, 'আমরাই আসল' দাবি আখরুজ্জামানের

তৃণমূল ভবনে গিয়ে বৈঠক ঋতব্রত-শিবিরের। পার্টি অফিসে নতুন পোস্টার টাঙিয়ে 'আমরাই আসল তৃণমূল' দাবি আখরুজ্জামানদের।

Advertisement
তৃণমূল ভবনের 'দখল' নিলেন ঋতব্রত-ফিরহাদরা, 'আমরাই আসল' দাবি আখরুজ্জামানেরতৃণমূল ভবনে গিয়ে বৈঠক ঋতব্রত-শিবিরের।
হাইলাইটস
  • এবার কলকাতায় তৃণমূলের পার্টি অফিসের 'দখল' নিল ঋতব্রত শিবির।
  • শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ইএম বাইপাসের তৃণমূল পার্টি অফিসে গিয়ে বৈঠক করেন তাঁরা।
  • বৈঠক শেষে পার্টি অফিসে তালা লাগিয়ে বেরিয়েও যান।

এবার কলকাতায় তৃণমূলের পার্টি অফিসের 'দখল' নিল ঋতব্রত শিবির। শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ইএম বাইপাসের তৃণমূল পার্টি অফিসে গিয়ে বৈঠক করেন তাঁরা। পার্টি অফিসের দরজায় নতুন পোস্টার টাঙিয়ে নিজেদেরই ‘আসল তৃণমূল’ বলে দাবি করেন ঋতব্রত-ঘনিষ্ঠ নেতারা। বৈঠক শেষে পার্টি অফিসে তালা লাগিয়ে বেরিয়েও যান।

শুক্রবার বিকেলে আচমকাই মেট্রোপলিটন ইএম বাইপাসের তৃণমূল পার্টি অফিসে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, জাভেদ খান-সহ একাধিক নেতা। পার্টি অফিসের প্রবেশদ্বারে অরূপ রায়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিযুক্ত একটি নতুন পোস্টারও টাঙানো হয়।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আখরুজ্জামান বলেন, 'এই পার্টি অফিস আমাদের। আমরা তৃণমূল। জোড়াফুল প্রতীক আমাদের। আমরাই আসল তৃণমূল।'

কী বললেন ফিরহাদ?
পার্টি অফিসে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, 'নতুন-পুরনো জানি না। আমরা তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্য পরামর্শদাতা। পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে। এখানে আমি আগেও এসেছি। এখনও তেমনই এসেছি।'

তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

বৈঠক শেষে তালা লাগিয়ে বেরিয়ে গেলেন
কিছুক্ষণ বৈঠক করার পর পার্টি অফিসের দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন ঋতব্রত-শিবিরের নেতারা। বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের পার্টি অফিসে আমরা এসেছি। আমাদের পরামর্শদাতা মমতা বন্দ্যোপাধ্যায়। কী মিটিং হয়েছে, সেটা এখন বলা যাবে না। ক্রমশ প্রকাশ্য।'

এর পর পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। তালা লাগানোর সময় উপস্থিত এক ব্যক্তিকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, কার হয়ে তিনি এই তালা দিচ্ছেন? উত্তরে তিনি দরজায় টাঙানো নতুন পোস্টার দেখিয়ে বলেন, 'এটা প্রকাশ করুন। যা বলার এখানেই লেখা আছে।'

অন্যদিকে, আখরুজ্জামান বলেন, 'আমরাই অরিজিনাল তৃণমূল। চাবি-তালা আমাদের কাছেই থাকবে। অরূপ রায়ের কাছেই থাকবে।'

নির্বাচন কমিশনে বৈঠকের পরেই নতুন পদক্ষেপ
উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। বৈঠকের পর ঋতব্রত দাবি করেন, দলের সাংগঠনিক পরিবর্তন সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় নথি কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে।

Advertisement

তাঁর বক্তব্য, ২২ জুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে অরূপ রায়কে চেয়ারম্যান এবং নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি (NWC) নির্বাচিত করা হয়েছে। নিয়ম মেনেই ২৩ জুন সেই তথ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

ঋতব্রত আরও দাবি করেন, কমিশনের ফুল বেঞ্চ তাঁদের বক্তব্য দীর্ঘ সময় ধরে শুনেছে এবং বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, ঋতব্রত-শিবিরের নেতা সন্দীপন সাহার দাবি, দলের অধিকাংশ বিধায়ক তাঁদের পক্ষেই রয়েছেন।

এখন নজর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে। তৃণমূল কংগ্রেসের নাম, জোড়াফুল প্রতীক এবং দলের সাংগঠনিক স্বীকৃতি নিয়ে কমিশন কী সিদ্ধান্ত নেয়, তার উপরই আগামিদিনে TMC-র ভবিষ্যৎ নির্ভর করছে।  

POST A COMMENT
Advertisement