ছবি সংগৃহীত। কালো টয়োটা এসইউভি ডব্লিউবি০২এএন৬৬৪৯ গাড়িটার লক্ষ্য ছিল কালীঘাট। কিন্তু রাস্তায় উপচে পড়া ভিড়ের জন্য দু'বার দাঁড়াতে হয়েছিল গাড়িতে থাকা আকাশি হাফস্লিভ শার্ট ও হালকা নীল ওয়াশড্ জিনস্ পরা সুপারস্টারকে। দক্ষিণ কলকাতার ভিড়ে ভিড়াক্কার রাস্তা পেরিয়ে ওই গাড়ি বিকেল ৪টে ২০ মিনিটে ভরপুর পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকে। আগেই নিজের টালির চালার বাড়ির সামনে আটপৌড়ে শাড়িতে অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়ে ঘরে নিয়ে যান মমতা। এবং প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পা রাখেন সলমন খান।
১৩ বছর পর কলকাতায় পা রাখলেন সলমন খান। শহরে তাঁর ভক্তকূলের মধ্যে উন্মাদনা তো ছিলই, পাশাপাশি অনেকের মধ্যেই আগ্রহ ছিল, মমতার সঙ্গে তাঁর প্রায় ৪০ মিনিট কী কথা হল? শনিবার সকাল থেকেই কর্নাটক ভোট নিয়ে দেশ সরগরম ছিল। সেইসঙ্গে কলকাতার গরমও ছিল হাঁসফাস করা। তারমধ্যেই শহরের উত্তাপ বাড়িয়ে হাজির হয়েছিলেন বলিউডের 'ভাইজান'। বিরোধী শিবির বিজেপির অভিযোগ, সলমন খানের সঙ্গে এই সাক্ষাৎ নিছক সৌজন্য নয়, বরং এতে রয়েছে রাজনৈতিক হিসেব-নিকেশ। ভোটের অভিসন্ধি। বাংলার বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এদিনের 'দিদি-ভাইজান' সাক্ষাৎ নিয়ে প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সংখ্যালঘু ভোট টানতেই সলমন খানকে ডেকে পাঠানো হয়েছিল কালীঘাটে। কারও কারও অভিযোগ, সাগরদিঘিতে পরাজয়ের পর শাহরুখ নয়, সলমনকেও প্রয়োজনীয় বলে মনে করেছে শাসকদল তৃণমূল।
এদিন সলমন খানকে নিজের ঘরে স্বাগত জানিয়ে নিজের চটি খুলে রাখেন মমতা। ঘনিষ্ঠমহলে জানা যায়, ওটাই তাঁর দীর্ঘদিনের অভ্যেস। গ্রামে-গঞ্জে কোনও জনসংযোগ কর্মসুচীতে গেলেও কারও বাড়িতে ঢোকার আগে নিজের পায়ের হাওয়াই চটি খুলে তবেই ঢোকেন তিনি। সলমন এদিন তা দেখে, কিছুটা ইতঃস্ততই বোধ করছিলেন। তাঁর পায়ে ছিল ভিন্টেজ লেদার বুটস্। কিন্তু তাঁকে জুতো পরেই ভেতরে আসতে বলা হয়। বাইরে তখন শাসকদলের বহু নেতা-মন্ত্রী। তাঁরা বাইরেই দাঁড়িয়ে ছিলেন। অনেকেই অপেক্ষায় ছিলেন, সলমন বেরোলেই তাঁর সঙ্গে একটা সেলফির জন্য। সূত্রের খবর, সলমনের আপ্যায়নে ছিল ফিসফ্রাই ও সন্দেশ।
উল্লেখ্য, লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন ভাইজান। বর্তমানে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান সলমন। সূত্রের খবর সেসব নিয়েও জানতে চান মুখ্যমন্ত্রী। বেরিয়ে এসে, সেবিষয়ে নিজের উদ্বেগের কথাও জানান। সূত্রের খবর, আগামী কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খানকে আমন্ত্রণ জানাতে চান মুখ্যমন্ত্রী। সলমন নাকি মমতাকে বলেছেন, তিনি অবশ্যই আসবেন।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার শাহরুখ খান কলকাতায় কার্যত লাগাতার যাতায়াত করে থাকেন। চলচ্চিত্র অনু্ষ্ঠানের পাশাপাশি, টি-টোয়েন্টি-সহ বিভিন্ন ইভেন্টে দেখা যায় তাঁকে। আগামী ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খানকেও কী দেখা যাবে, এদিনের দিদি-ভাইজান সাক্ষাৎতের পর সেই জল্পনাই তীব্র হয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলে গুঞ্জন, সবটাই হয়েছে সংখ্যালঘু ভোট বাক্সের কথা ভেবে।
আরও পড়ুন-সলমন খানের নিরাপত্তা নিয়ে চিন্তিত: মমতা