Messi Statue In Kolkata: কাটা কোমরের উপর রাখা ফুটবল, 'বিদঘুটে' সেই স্ট্যাচুর বদলে যুবভারতীর বাইরে কী বসবে?

সল্টলেকে যুবভারতী স্টেডিয়ামের বাইরে থেকে ভাঙা হয়েছে 'বিদঘুটে' জোড়া পায়ের স্ট্যাচু। বদলে সেখানে কী বসতে চলেছে? এদিকে, মেসির সেই স্ট্যাচু এখন PWD গোডাউনে সিমেন্ট-বালির বস্তা চাপা। এর ভবিষ্যৎ কী?

Advertisement
 কাটা কোমরের উপর রাখা ফুটবল, 'বিদঘুটে' সেই স্ট্যাচুর বদলে যুবভারতীর বাইরে কী বসবে?যুবভারতীর বাইরে ছিল এই মূর্তি (বাঁ দিকে), মেসির স্ট্যাচু (ডান দিকে)। গোডাউনে মেসির মূর্তি (ইনসেটে)
হাইলাইটস
  • বিদেয় হয়েছে 'বিদঘুটে' জোড়া পায়ের স্ট্যাচু
  • যুবভারতীর বাইরে এবার কী বসবে?
  • মেসির সেই মূর্তির উপর বালি-সিমেন্টের বস্তা

২টি বিশালাকৃতির পা, কোমর পর্যন্ত উঠে যা শেষ হয়ে যাচ্ছে। তার উপর বসানো বিশ্ববাংলা লোগো যুক্ত একটি ফুটবল। ১ মাস আগেও সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে দিয়ে গেলে যে 'বিদঘুটে' মূর্তি দেখা যেত, তা এখন ভ্যানিশ। ক্ষমতায় আসতেই BJP সরকারের ক্রীড়া দফতর এই তৃণমূল জমানার এই মূর্তি ভেঙে ফেলে। তাহলে এবার কী? স্টেডিয়ামের বাইরে কি অন্য কোনও মূর্তি বসবে? অন্যদিকে, লেকটাউনে লিওনেল মেসির দুলতে থাকা মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার ভবিষ্যৎ-ই বা কী? 

সল্টলেক স্টেডিয়ামের বাইরে এবার কার মূর্তি বসবে? 
গত ২৩ মে সকালবেলার পর থেকে বিধাননগরে সল্টলেক স্টেডিয়ামের বাইরে সেই 'বিদঘুটে' পায়ের মূর্তি আর দেখতে হচ্ছে না শহরের ক্রীড়াপ্রেমীদের। বাংলার ফুটবল সমর্থকরা দীর্ঘদিন ধরে দাবি করছিলেন, যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ওই বিশাল মূর্তিটা যেন ভেঙে ফেলা হয়। অধিকাংশেরই দাবি ছিল, ওই মূর্তিটা বিকট, বিচ্ছিরি। সর্বোপরি বাংলার ক্রীড়া সংস্কৃতির সঙ্গে একেবারে মানানসই নয়। ওই জায়গায় নতুন কোনও মূর্তি বসানো হবে কি না, তা নিয়ে bangla.aajtak.in-কে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, ওখানে কিছু তো একটা বসবে অবশ্যই। তিনি বলেন, 'আমি ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। সিনিয়র ফুটবলারদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁদের পরামর্শ নিয়ে কিছু একটা ওখানে বসানো হবে।' তবে যুবভারতীর বাইরে কার মূর্তি বসবে, কোনও ফুটবলারেরই কি না, তা অবশ্য গোপনই রাখা হয়েছে। 

মেসি মূর্তির উপর সিমেন্টের বস্তা 
লেকটাউন থেকে সরানো হয়েছে দুলতে থাকা মেসির সুবিশাল মূর্তিটি। কোমরে দড়ি বেঁধে নামানো হয় সেটি। এখন সেই ৭০ ফুটের মূর্তিটির ঠাঁই হয়েছে বাগুইআটির PWD গোডাউনের মাঠে। কার্যত স্ক্র্যাপ হিসেবে পড়ে আছে সেটি। 

বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, লিয়োনেল মেসির মূর্তি বসানো হবে ইকো পার্কেই। ৭০ ফুট দৈর্ঘ্যের মূর্তি স্থাপনের জন্য শুধু পার্ক কর্তৃপক্ষের ছাড়পত্র বাকি রয়েছে। 

Advertisement

২০২৫ সালের ডিসেম্বরে কলকাতা সফরে আসেন আর্জেন্টিনার ফুটবল তারকা। সেই সময় লেকটাউনে তাঁর একটি মূর্তি উন্মোচন করা হয়। কিন্তু বিতর্ক তৈরি হয় অবয়ব নিয়ে। কেউ কেউ কটাক্ষ করেন মেসির বদলে অন্য কারও মতো দেখতে মূর্তিটি।  

গত মাসে মেসির মূর্তিটি হাওয়ায় দুলতে শুরু করে। প্রথমে সেটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু দুর্ঘটনা এড়াতে শেষমেশ সেটি নামিয়ে আনা হয়। মন্ত্রী জানিয়েছেন,  বৈজ্ঞানিক পদ্ধতিতেই স্থাপন করা হবে মেসির স্ট্যাচু। তিনি মজা করে বলেন, 'এখনও মেসি শুয়ে রয়েছেন। রেস্ট নিচ্ছেন PWD-তে। ওঁকে একটু ওয়ার্ম আপ করিয়ে নিয়ে যাব ইকো পার্কে।' তবে তিনি খানিকটা আক্ষেপ করে বলেছেন, সত্যিকারের মেসির আদলে তৈরি মূর্তি বসাতে পারলে ভাল হত। 

 

POST A COMMENT
Advertisement