নতুন লোকাল ট্রেনের ঘোষণা লোকাল ট্রেন যাত্রীদের জন্য সুখবর। অফিস টাইমে শিয়ালদা শাখায় ভিড় উপচে পড়ে। যাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ১৫ জুন অর্থাৎ সোমবার থেকেই ট্রেনগুলি চলবে। শিয়ালদা–ডায়মন্ড হারবার এবং শিয়ালদা–হাসনাবাদ শাখায় ট্রেনগুলি চলবে। এই শাখার ট্রেনগুলিতে এমনিতেই তিল ধারণের জায়গা থাকে না। বেশ কয়েকটি ট্রেন ঘোষণা করায় যাত্রীরা অনেকখানি স্বস্তি পাবেন বলেও মনে করা হচ্ছে।
কোন কোন ট্রেন চলবে?
সোনারপুর-ডায়মন্ডহারবার স্পেশাল ট্রেন চলবে সোম থেকে শনিবার। সকাল ৬টা ০৫ মিনিটে ছাড়বে। ডায়মন্ড হারবার পৌঁছবে ৭টা ১০ মিনিটে।
আপ ডায়মন্ডহারবার শিয়ালদহ স্পেশাল ট্রেন চলবে সোম থেকে শনিবার। ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৭টা ২২ মিনিটে। সেটি শিয়ালদায় পৌঁছবে ৮টা ৫৮ মিনিটে।
ডাউন হাসনাবাদ বারাসত স্পেশাল ছা়ড়বে প্রতিদিন ৩টে ২০ মিনিটে। বারাসত আসবে ৪টে ৩৯ মিনিটে।
আপ শিয়ালদা বারাসত লোকাল ট্রেনটি প্রতিদিন হাসনাবাদ পর্যন্ত যাবে। শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে ৮টা ৫৮ মিনিটে। হাসনাবাদে পৌঁছবে ১১টা ৬ মিনিটে।
শিয়ালদা থেকে সোনারপুর যাবে আরও একটি নতুন ট্রেন। সেটি শিয়ালদা ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে। সোনারপুর পৌঁছবে ১০টা ১০ মিনিটে।
প্রসঙ্গত, দীর্ঘদিন এই শাখাগুলিতে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি ছিল দীর্ঘদিনের। যাত্রীদের অভিযোগ ছিল, অনেক ট্রেনে মহিলা কামরায় যাত্রী থাকেন না সেভাবে। তবে ট্রেনের ঘোষণা করলেও রেল জানিয়েছে, মহিলা বগির সংখ্যা কমানো হবে না। ডিভিশনের সমস্ত পরিষেবায় মহিলাদের জন্য সমানভাবে ৩টি কোচ সংরক্ষিত থাকবে।