শিয়ালদা-হাসনাবাদ ট্রেন লাইনে বন্ধ পরিষেবা সাতসকালে শিয়ালদা শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন। ভ্যাবলা স্টেশনে রেললাইনে আচমকাই ফাটল দেখা গিয়েছে। এর ফলে শিয়ালদা-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সকাল ৭টা ১০ মিনিটে স্টেশনের উপর দিয়ে একটি ট্রেন যায়। সেই সময় এক ব্যক্তি একটি অস্বাভাবিক শব্দ শুনতে পান। ট্রেনের দু’টি বগি পার হওয়ার পরই এই ঘটনা ঘটে। কাছে গিয়ে তিনি দেখতে পান, রেললাইনে ফাটল তৈরি হয়েছে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত রেল দফতরে খবর দেন। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মী, ইঞ্জিনিয়র ও GRP। ট্রেন সে সময়ে স্টেশনে ঢোকার সময় ছিল। তাই আগে থেকেই সিগন্যাল লাল করে রাখা হয়। প্ল্যাটফর্মে ঢোকার আগেই দাঁড়িয়ে যায় ট্রেন। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে। শিয়ালদা-হাসনাবাদের মতো গুরুত্বপূর্ণ শাখায় ট্রেন পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ থাকলে চূড়ান্ত দুর্ভোগের সৃষ্টি হবে বলেই আশঙ্কা।
তবে এই ঘটনায় বরাতজোরে বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সময়মতো রেললাইনের ফাটল নজরে না এলে যাত্রীবাহী ট্রেন বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারত। তবে কী কারণে রেললাইনে ফাটল দেখা দিল, তা এখনও স্পষ্ট নয়।
কালীপুজো-ভাইফোঁটার ছুটি কাটিয়ে বৃহস্পতিবার থেকে অফিস শুরু হয়েছে। ফলে কর্মব্যস্ত দিনের শুরুতে এই ঘটনা ভোগান্তির সৃষ্টি করেছে। একাধিক স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এক ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ। ফলে যাত্রীদের অনেকে ট্রেন থেকে নেমে অন্যভাবে গন্তব্যে পৌঁছানোর বন্দোবস্ত করতে হচ্ছে।