সাংবাদিকদের মুখোমুখি মদন, কুণাল ও শোভনদেবশুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। আর অধিবেশনের প্রথম দিনই কলকাতা হাইকোর্টের রায়ে স্থির হয়ে গিয়েছে, শোভনদেব চট্টোপাধ্যায় নন, ঋতব্রত বন্দ্যোপাধ্যাই বিধানসভার বিরোধী দলনেতার পদে থাকবেন। সেইমতো অধিবেশন শুরুর দিন বিরোধী আসনে বসেন ঋতব্রত। সঙ্গে তৃণমূলের এই বিদ্রোহী শিবিরে দেখা যায় ফিরহাদ হাকিমকেও। অন্যদিকে, উপস্থিত হন শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্ররা। দেখা যায়, অধিবেশন শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে প্রবেশ করছেন তাঁরা। কী কথা হল তাঁদের মধ্যে?
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একটি সাংবাদিক বৈঠক করেন শোভনদেব চট্টোপাধ্যায়রা। একইসঙ্গে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে কুণাল ঘোষও জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী কী কী বিষয় নিয়ে আশ্বাস দিয়েছেন তাঁদের।
শুভেন্দু অধিকারীর ঘরে বৈঠক করেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, রহিম বক্সি এবং কুণাল ঘোষ।
কী কী আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী?
> পুনর্বাসন ছাড়া বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ না করার দাবি মেনেছেন শুভেন্দু অধিকারী। কুণাল ঘোষ বলেন, 'মুখ্যমন্ত্রী বুলডোজার বন্ধ করবেন। রেলের সঙ্গেও কথা বলবে রাজ্য। দখলদারি মুক্তির কাজ হবে মানবিক মুখ রেখে।'
> তৃণমূল নেতা কর্মীদের উপর হামলা, বিভিন্ন মামলায় গ্রেফতারির হয়রানি নিয়েও কথা হয় উভয় পক্ষের।
> বিধানসভায় তৃণমূলের শোভনদেবের নেতৃত্বাধীন অংশে আলাদা ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেলেঘাটার বিধায়ক জানিয়েছেন, তাঁদের বৈঠক চলাকালীনই পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে ডেকে এ কথা বলে দেন শুভেন্দু।
> কুণাল আরও বলেন, 'আলোচনা ও বিতর্কে আমরা বলার সময় পাব।'
পোস্টের শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশকে কটাক্ষ করে কুণাল বলেন, 'আমরা গঠনমূলক বিরোধিতা করব। সসম্মানে করব। দলের টিকিটে জিতে বেইমানি করে BJP-র স্পিকারের দয়ায় পিছনের দরজা দিয়ে চেয়ার পাওয়ার আত্মসম্মানহীন রাজনীতি আমরা করছি না।'