নিম্নচাপের বৃষ্টি শুরুমঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কালো মেঘ আকাশকে গ্রাস করে রেখেছে। এমনকী কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার একাধিক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আর এই দৃশ্য দেখে এটা পরিষ্কার যে খেলা দেখাতে শুরু করে দিয়েছে নিম্নচাপ। যেই কারণে আজ থেকে শনিবার পর্যন্ত তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনকী ভিজবে উত্তরবঙ্গও। আসুন আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট জানা যাক।
শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
ইতিমধ্যেই বঙ্গোপসাগরে অ্যাক্টিভ হয়েছে নিম্নচাপ। আগামী কয়েক ঘণ্টার এটি আরও শক্তি বাড়িয়ে নিতে পারে। যার ফলে এটি পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ সেপ্টেম্বর এই নিম্নচাপ সিস্টেমটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। এটির অবস্থান ছিল মোটামুটি ১৭.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছে। আরও সহজ করে বললে, ওড়িশার পুরী থেকে প্রায় ৩১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং গোপালপুর থেকে প্রায় ৩১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল সিস্টেমটি।
আর আবহাওয়া দফতর জানিয়েছে, আজকের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর ২৩ সেপ্টেম্বর রাত বা ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি এলাকায় স্থলভাগে ঢুকতে পারে। আবহাওয়া দফতর মনে করছে, এটি বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি উপকূল দিয়ে স্থলভাগে এন্ট্রি নিতে পারে। যার প্রভাব পড়তে পারে বাংলার আবহাওয়ায়।
আশঙ্কা করা হচ্ছে, এই নিম্নচাপ থেকে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। তবে বিষয়টা নিয়ে এখনও কোনও আপডেট নেই।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার লেটেস্ট আপডেট
আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার ভাল বৃষ্টি হবে বুধবারও। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টি হবে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। যার জেরে ভিজবে কলকাতাও। সেই মতো মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহরের একাধিক জায়গায়। বেলা বাড়লে বৃষ্টির দাপট বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল।
ওদিকে নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র। এই পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
নিম্নচাপের প্রভাব পড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিকিমেও বৃষ্টির সম্ভাবনা প্রবল।