সেবাশ্রয়ে অনিয়মের অভিযোগ নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। এ নিয়ে বুধবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, 'অভিযোগ এসেছে। পুলিশ প্রশাসন দেখবে'।
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সেবাশ্রয় শিবির করেছেন। ওই সব শিবিরে নিখরচায় দেওয়া হত চিকিৎসা। অভিযোগ, চিকিৎসাশাস্ত্রের বিধি অনুসরণ করা হয়নি শিবিরগুলিতে। বুধবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার লোকসভাতেই বিষ্ণুপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের হাসপাতালের একটি ইউনিটের উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তাঁকে সেবাশ্রয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তার জবাবে শুভেন্দু জানান, অভিযোগের তদন্ত করবেন পুলিশ সুপার।
সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন,'অভিযোগ এসেছে, আমি দেখেছি। এসপি আছেন, উনি তদন্ত করবেন। জেলাশাসক, স্বাস্থ্য দফতরের সাহায্য নেবে পুলিশ। এটা অপরাধ। অপরাধ হলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে'।
বুধবার সেবাশ্রয় স্বাস্থ্য শিবির নিয়ে অনিয়মের অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তিনি গত লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন। সেবাশ্রয় নিয়ে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ। তাঁর দাবি, এফআইআর করে যথাবিহিত তদন্ত হোক।
অভিষেকের সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, আলট্রাসনোগ্রাফি, পোর্টেবল এক্সরে-র মতো চিকিৎসাযন্ত্র ব্যবহারে নিয়ম মানা হয়নি। এমনকি চিকিৎসা পদ্ধতি অভিযোগ করেছেন অভিজিৎ দাস। তাঁর দাবি, অযোগ্যদের ডাক্তার সাজিয়ে চিকিৎসা দেওয়া হত। দেওয়া হত ভুয়ো প্রেসক্রিপশন। বায়োমেডিক্যাল বর্জ্য ফেলা নিয়েও বিধির তোয়াক্কা করেনি সেবাশ্রয়।