মমতা, অভিষেকের বিরুদ্ধে FIR নিয়ে কী বললেন শুভেন্দু?প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে গত পরশুই FIR দায়ের করেছে পুলিশ। শুক্রবার ক্যাথিড্রাল রোডে 'কালীঘাট তৃণমূল'-এর সভা চলাকালীন যানচলাচলে বিঘ্ন ঘটে বলে অভিযোগ, রাস্তা একদিক খোলা রেখে সভা করার অনুমতি ছিল হাইকোর্টের । কিন্তু পুলিশের দাবি, আদালতের সেই নির্দেশ না মেনে শুক্রবার ২দিকের লেনেই ভিড় হয়। এরপরেই ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, পুলিশকে তিনি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে। পুলিশমন্ত্রীর এই বক্তব্যের পরই স্বতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ।
একই ভাবে গতকাল FIR দায়ের হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও। অভিষেক , গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ওই দিন বিকেলে ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান পুরসভার আধিকারিকরা। তাঁদের অভিযোগ, বিল্ডিংয়ে থাকা 'বেআইনি বিলবোর্ড' খুলতে গেলে ওই অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এমনকি এক পুলিশ কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ।
ধ্বস্তাধস্তির ঘটনাকে কেন্দ্র করে মোট তিনটি FIR দায়ের করা হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এর মধ্যে দু’টি FIR-এ অভিযুক্ত হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে।
মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নামে এই FIR দায়ের প্রসঙ্গে শুভেন্দু বলেন, "দেশের আইন সকলের জন্য সমান। যে আইন ভঙ্গ করবে বা আইন নিজের হাতে তুলে নেবে, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যক্তি আমি হতে পারি, আপনি হতে পারেন, বা অন্য যে কেউও হতে পারে।" অর্থাৎ অন্যায় করলে কাউকে যে ছাড় দেওয়া হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, নেপালের ভয়াবহ বন্যা ও নিখোঁজদের প্রসঙ্গে শুভেন্দু বলেন, "পশ্চিমবঙ্গ থেকে ৩৯ জন সেখানে গিয়ে নিখোঁজ ছিল। ২ জনকে ফিরিয়ে আনা হয়েছে। ৩৭ জন এখনও নিখোঁজ। তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।"