Abhishek Banerjee Attack: 'জনরোষ দেখিয়ে...,' নাম না করে অভিষেককে মারধর নিয়ে কী বললেন শুভেন্দু?

নাম না করেই সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনা নিয়েই পরোক্ষে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বললেন মুখ্যমন্ত্রী?

Advertisement
 'জনরোষ দেখিয়ে...,' নাম না করে অভিষেককে মারধর নিয়ে কী বললেন শুভেন্দু?শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনা
  • নাম না করেই সোনারপুরের ঘটনা নিয়ে কী বললেন শুভেন্দু?
  • ভবানী ভবনে হাজিরা দিলেন না অভিষেক

নাম না করেই সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনা নিয়েই পরোক্ষে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে তাঁর বক্তব্যে কোথাও সোনারপুরের কথা কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার কথা সরাসরি শোনা যায়নি। তাহলে কী বললেন মুখ্যমন্ত্রী? 

BJP-র অন্য নেতারা সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধরের ঘটনা নিয়ে মুখ খুললেও সরাসরি শুভেন্দু অধিকারী কিছু বলেননি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমি অনেক জায়গায় দেখছি, পার্টি অফিস থেকে সরকারি ত্রাণ উদ্ধার হচ্ছে। তা নিয়ে অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনাদের এ সব করার দরকার নেই। পুলিশ, বিডিও এঁদের ডাকুন। প্রশাসন যা করার করবে। আপনাদের আইন হাতে তুলে নেওয়ার প্রয়োজন নেই। একটা উঠে যাওয়া পার্টি, ফলতায় চতুর্থ হওয়া পার্টির কাউকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই তো। বিক্ষোভ, জনরোষ দেখিয়ে এদের এত প্রচার দেওয়ার দরকার নেই।’ 

গত শনিবার সোনারপুরে দলের মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেককে  মারধর করা হয়। জামা ছিঁড়ে দেওয়া হয়, চশমা ভাঙা হয়, ছোড়া হয় ডিম-পাথর। BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'সোনারপুরের ঘটনায় BJP-র দূর দূর পর্যন্ত কোনও সম্পর্ক নেই। তৃণমূলের ভাগ বাটোয়ারার লড়াই।'

অন্যদিকে, ভবানী ভবনে সোমবার হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি চিঠি দিয়েছেন। হাজিরা দেওয়ার জন্য ১৫ দিন সময় চেয়েছেন তিনি। বিধানসভায় সই বিতর্কে CID অভিষেককে নোটিশ দেয়। এ দিন ভবানী ভবনে তলব করা হয় তাঁকে। তাঁর চোখ, পাঁজরে ব্যথা আছে বলে সূত্রের খবর। 

 

POST A COMMENT
Advertisement