Rain Forecast: আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা

Heavy Rain: রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুরু হবে ভারী বৃষ্টিপাত। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের উপকূলে। তার প্রভাব কেমন হবে?

Advertisement
আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা
হাইলাইটস
  • নতুন সপ্তাহ থেকেই বৃষ্টির আশা করতে পারেন কলকাতা ও দক্ষিণবঙ্গবাসী।
  • উত্তর বঙ্গোপসাগরের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় বর্তমানে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।
  • আজ কলকাতা ও অন্য জেলায় আবহাওয়া কেমন থাকবে?

ফের দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি। পরপর তিন দিন চড়া রোদের পর নতুন সপ্তাহ থেকেই বৃষ্টির আশা করতে পারেন কলকাতা ও দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য বলছে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় বর্তমানে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই এলাকায় তৈরি হতে পারে নিম্নচাপ। তার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায়। তার আগে দেখে নেওয়া যাক, আজ কলকাতা ও অন্য জেলায় আবহাওয়া কেমন থাকবে?

কলকাতার আজকের আবহাওয়ার পূর্বাভাস

কলকাতায় রবিবার দিনভর আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে হিসেব করলেও বৃষ্টিপাতের পরিমাণ ৪.৬ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের আজকের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement

পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।


 

POST A COMMENT
Advertisement