ফাইল ছবিচিংড়িঘাটায় মেট্রো নির্মাণের কাজের জন্য টানা ৬০ ঘণ্টা করে দু’দফায় আংশিক যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মে শুক্রবার রাত ৮টা থেকে ১৮ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত এবং ২২ মে শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত ইএম বাইপাসের কিছু অংশে যান চলাচলে বিধিনিষেধ জারি থাকবে। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সম্প্রসারণের কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রথম দফায় চিংড়িঘাটা মোড়ের উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। সে সময় চিংড়িঘাটা উড়ালপুলের নীচে ইএম বাইপাসের পশ্চিম দিক বন্ধ রাখা হবে। ফলে সল্টলেক ও বিমানবন্দরমুখী গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে নতুন তৈরি উত্তরমুখী রাস্তা ব্যবহার করতে হবে। চিংড়িঘাটা উড়ালপুলে ওঠা গাড়িগুলিকেও বিকল্প রাস্তা ধরতে বলা হয়েছে। তবে দক্ষিণমুখী যান চলাচল স্বাভাবিক থাকবে।
দ্বিতীয় দফায়, অর্থাৎ ২২ মে থেকে দক্ষিণমুখী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছে ইএম বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকবে। সে সময় সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরমুখী সমস্ত গাড়িকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহারকারী গাড়িগুলিকেও বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। দক্ষিণমুখী গাড়িগুলিকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকে পাঠানো হবে।
নিউ টাউন ও সল্টলেক দিক থেকে আসা গাড়িগুলির ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণমুখে যেতে বাঁ দিকে মোড় নেওয়া যাবে, তবে উত্তরমুখে ডান দিকে মোড় নেওয়া যাবে না। উত্তরমুখী গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ-টার্ন নিতে হবে। এছাড়া হাডকো মোড়, কাঁকুরগাছি বা অন্য কোনও ক্রসিং থেকে দক্ষিণমুখী পণ্যবাহী গাড়িকে চিংড়িঘাটা অভিমুখে যেতে দেওয়া হবে না।
নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ প্রকল্পের জন্য দীর্ঘদিন ধরেই চিংড়িঘাটায় একটি অংশে কাজ আটকে ছিল। যান নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েনের জেরে বিষয়টি কলকাতা হাই কোর্ট ও পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। আদালতের একাধিক নির্দেশ ও ভর্ৎসনার পর অবশেষে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই কাজের ছাড়পত্র মিলেছে। এখন মাত্র ৩১৬ বর্গমিটার এলাকায় পিলার নির্মাণের কাজ বাকি রয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।