আজ নজরুল মঞ্চে তৃণমূলের কর্মিসভাসোমবার নজরুল মঞ্চে (Nazrul Mancha) বসছে তৃণমূলের (Trinamool Congress) বিশেষ কর্মিসভা। সভায় উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উপস্থিত থাকবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। এছাড়াও দলের অন্য নেতা-মন্ত্রী, জেলা-ব্লক সভাপতিরা উপস্থিত থাকবেন। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নতুন প্রচার কর্মসূচির সূচনা করতে পারেন তৃণমূল নেত্রী।
জানা যাচ্ছে, সব মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার মানুষ আজকের সভায় উপস্থিত থাকবেন। তাঁদের সামনে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী। নজরুল মঞ্চ থেকে আজ দলের নেতা ও কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিকেই নজর থাকবে বাংলার রাজনৈতিক মহলের। সূত্রের খবর, ১১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত, গ্রামে গ্রামে নিবিড় জনসংযোগ গড়ে তোলার জন্য তৃণমূলের জন প্রতিনিধিদের নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের নেওয়া সামাজিক প্রকল্পগুলি সম্পর্কে মানুষকে আরও অবগত করা হবে এই জনসংযোগের মাধ্যমে। শোনা হবে অভাব অভিযোগও। প্রয়োজনে গ্রামে গিয়ে তৃণমূল নেতাদের রাত্রিবাসও করতে হতে পারে।
আরও পড়ুন:Suryanagari Express Derailed: রাজস্থানের পালিতে লাইনচ্যুত সূর্যনগরী এক্সপ্রেস, আহত অনেকে
গতকাল ১ জানুয়ারি ছিল তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। কাল তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের সর্বোচ্চ নেত্রী, সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় উপস্থিত থেকে আমাদের দিক নির্দেশ দেবেন কালকের মিটিংয়ে। সেখানে দলের সর্বস্তরের সাড়ে ৩ হাজার প্রতিনিধিকে আসতে বলা হয়েছে।'