গোশালাগুলিকে দেওয়া হবে ১ লক্ষ টাকা, বড় ঘোষণা শুভেন্দুররাজ্যে গরু হত্যা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান, এরাজ্যে গোমাতাকে হত্যা করা চলবে না। মন্ত্রিসভার বৈঠকের পরে সোমবার তিনি এই ঘোষণা করেন। তিনি জানান, এই সংক্রান্ত বিলও আনা হবে।
মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন, "যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন, এ রাজ্যে গোমাতাকে হত্যা করতে দেব না।" তিনি জানান, গরু কাটতে দেওয়া হবে না। আইন থাকার পরেও ‘লুকিয়ে চুরিয়ে’ এই কাজ চলছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, এসবরে বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে কি মাংস কাটার এলাকা বা স্লটার হাউসগুলিতেই এই নিয়ম প্রযোজ্য হবে?
এবিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ওই বিষয়টি আলাদা। ওগুলি অনুমোদিত পশু কাটার জন্যই ব্যবহার করা হয়। কিন্তু আইনের বাইরে গিয়ে পশু হত্যা করা চলবে না। তিনি বলেন, "স্লটার হাউস ও গোমাতার উপর হাত দেওয়া এক জিনিস নয়। স্লটার হাউসে অনুমতি থাকলে করতে পারেন।"
রাজ্যে চালু হচ্ছে গোকুল মিশন
শুধুমাত্র গোহত্যা বন্ধ নয়। একইসঙ্গে রাজ্যে গরুদের দেখাশোনা করার জন্যও চালু করা হচ্ছে গোকুল মিশন। রাজ্যে বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোশালাগুলিকে বছরে ১ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন এক বছর নয়, বরং সঠিক ভাবে গরু প্রতিপালন করলে প্রতি বছরেই ১ লক্ষ করে টাকা পাওয়া যাবে।
গবাদি পশুর হত্যা বন্ধ নিয়ে ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্ট মেনেই কাজ করা হবে বলে জানান শুভেন্দু অধিকারী। কোথাও লুকিয়ে গোহত্যা চলবে না বলেও জানান তিনি। এই নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশ রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।