বে়ড়ে গেল বৃদ্ধ, বিধবা ভাতা, 1000 টাকা বেড়ে হল 1500 টাকারাজ্যের বিপুল অংশের মানুষের জন্য দারুণ খবর। সোমবার থেকেই বেড়ে গেল বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও বিশেষ ভাবে সক্ষমদের দিব্যাঙ্গ ভাতা। আগের ঘোষণা মোতাবেক, এদিন নবান্ন সভাঘর থেকে এই বর্ধিত হারে ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন এই স্কিমগুলির আওতায় ভাতা পাওয়া যেত ১০০০ টাকা। সোমবার থেকে সেই ভাতার পরিমাণ বেড়ে হল ১৫০০ টাকা।
জানানো হয়েছে, এদিন রাজ্যের মোট ৮২ লক্ষের অ্যাকাউন্টে পৌঁছবে ১৫০০ টাকা। আজকের মধ্যে সবার অ্যাকাউন্টে না পৌঁছালেও, আগামী এক দু'দিনের মধ্যেই এই টাকা DBT-র মাধ্যমে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে বলে জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
নির্বাচনি প্রতিশ্রুতি হিসাবে বাংলায় বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আপাতত সেই লক্ষ্যেই একধাপ এগোল শুভেন্দু অধিকারীর সরকার। পরবর্তীতে এই টাকা ২০০০ হবেও বলে জানানো হয়েছে।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, "আপনারা যারা জুলাই মাস পর্যন্ত ১০০০ টাকা করে পেতেন। তাঁরা আজ থেকে অগাস্টের টাকা হিসেবে ১৫০০ করে টাকা পাবেন।" মুখ্যমন্ত্রী বলেন, "এই রাজ্য কার্যত অর্থনৈতিক ভাবে দেউলিয়া অবস্থায় পরিণত হয়ে গিয়েছিল। এখনও অবস্থা বেহাল রয়েছে। এই অবস্থা থেকে উদ্ধার পেতে কমপক্ষে ১ বছর লাগবে।"
মুখ্যমন্ত্রী জানান, এদিন প্রায় মোট ৮২ লক্ষ ৫ হাজার ৯১৯ জন প্রাপকের হাতে এই টাকা তুলে দেওয়া হল। এই প্রকল্পের জন্য মোট খরচ হবে ১৪৭৭১ কোটি টাকা। এর একটা বড় অংশ রাজ্য সরকারও দেবে বলে জানান শুভেন্দু অধিকারী।
কীভাবে আর্থিক সংস্কার হবে? সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "বার্ধক্য ভাতার ক্ষেত্রে বয়স বাড়িয়ে, ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে অনেকে বার্ধক্য ভাতা অন্যায় ভাবে পাচ্ছে। আমরা এই ভুয়ো উপভোক্তাদের যাচাই করছি। যাতে যোগ্য লোকের হাতেই সামাজিক কল্যাণের টাকা যায়।" পাশাপাশি তিনি জানান, নতুন সরকারের আমলে ইতিমধ্যেই রাজ্যের কোষাগারের আয় ১৮ শতাংশ বেড়ে গিয়েছে।
ওয়েটিং লিস্টে থাকা আবেদন বাতিল
শুভেন্দু অধিকারী এদিন বলেন, "আগের সরকারের আমলে যাবতীয় ওয়েটিং লিস্টে থাকা আবেদন আজ থেকে বাতিল করা হচ্ছে। এর পরবর্তীতে, যারা বর্তমান সরকারের জনকল্যাণ শিবিরে নাম লিখিয়েছেন, তাঁদের ভেরিফিকেশন করে আগে টাকা দিতে হবে। এর বাইরে রাজ্য সরকারের চালু করা 'আপনার সরকার, আপনার পাশে' সেখানে যারা নাম লিখিয়েছেন, আবেদন করেছেন, তাঁদেরও ভেরিফিকেশন করে অগ্রাধিকার দেওয়া হবে। বিগত সরকারের ওয়েটিং লিস্ট আজ থেকে বাতিল করা হল। বর্তমান সরকারের আমলে নতুন করে প্রাপকদের ওয়েটিং লিস্টের তালিকা তৈরি করা হবে।"
স্বামীহীনা প্রাপকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, যে স্বামীহীনারা ১৫০০ টাকা করে পাচ্ছেন। যদি তাঁরা এই স্কিম সারেন্ডার করে অন্নপূর্ণা যোজনা নেন, তবে তাঁরা ৩০০০ টাকা করে পাবেন। এতে তাঁদের সুবিধা হবে।