পুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশপুজোর মুখে কলকাতায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই অস্ত্র কারখানার পর্দাফাঁস করল বেঙ্গল এসটিএফ। গতকাল, মঙ্গলবার শহরের নাদিয়াল থানা এলাকার আয়ুবনগরের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এই অস্ত্র কারখানার হদিশ পান STF আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযানে উদ্ধার করা হয় টি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দুটি দেশি আগ্নেয়াস্ত্র। এছাড়াও, পাওয়া গিয়েছে বিভিন্ন ধরনের তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজের খোল এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম। পুলিশের প্রাথমিক ভাবে সন্দেহ, ওই বাড়িতে বেআইনি অস্ত্র তৈরির কাজ চলছিল।
যদিও কিছু বেআইনি অস্ত্র উদ্ধার করা গেলেও অস্ত্র কারবারী বা প্রস্তুতকারকদের নাগাল পায়নি STF। STF-এর অভিযানের আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত এক বা একাধিক ব্যক্তি। যদিও পুলিশের দাবি অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।
এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের (Arms Act) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি এই বেআইনি অস্ত্র তৈরির কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, এর আগে গত জুলাইয়ের শেষের দিকে হাওড়া পুলিশ কমিশনারেটের নিশ্চিন্দা থানা এলাকার অভয়নগর মাঠের কাছে একটি নীল-সাদা ট্যাক্সি থেকে বিপুল পরিমাণে অস্ত্র পাকড়াও করেছিল STF। তখন উদ্ধার হওয়া জিনিসের তালিকায় ছিল ৪টি ৭ মিমি ইমপ্রোভাইজড পিস্তল, ১টি ১টি দেশীয় তৈরি ওয়ান-শট পিস্তল এবং কিছু ম্যাগাজিন ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ। সেই ঘটনার মাত্র আড়াই মাসের মাথায় আবারও কলকাতা থেকেই বেআইনি অস্ত্র উদ্ধার করল ওয়েস্ট বেঙ্গল এসটিএফ।