আবহাওয়ার খবর তীব্র গরম আর শুষ্ক আবহাওয়ার দিন শুরু দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেলা গড়াতে না গড়াতেই চড়া রোদে গলদঘর্ম দশা হচ্ছে বঙ্গবাসীর। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে হাওয়া বদল ঘটতে পারে বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার বিকেলের ওয়েদার বুলেটিন বলছে, রবিবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় রয়েছে একটি ঝঞ্ঝা। যা উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত হিমালয় সংলগ্ন অঞ্চলে বিস্তৃত হয়েছে। এৎ জেরে বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার প্রবেশ ঘটেছে রাজ্যে। আগামী ৫ থেকে ৯ এপ্রিলের মধ্যে এই ঝঞ্ঝার জেরে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
দিনের শুষ্ক আবহাওয়ার খুব একটা পরিবর্তন অবশ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে হবে না। তবে পরবর্তী ৪ দিনের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। প্রতিটি জেলাতেই তাপমাত্রার এই পরিবর্তন লক্ষ করা যাবে। উপকূলের জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮০-৯০ শতাংশ। সমতলের জেলাগুলিতে থাকবে ৭০-৮০ শতাংশ।
কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা?
> শনিবারই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে। বজ্রপাত সহ বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে। বইতে পারে ৪০ থকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া। শুষ্ক আবহাওয়া চলবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ গোটা দক্ষিণবঙ্গেই।
> রবিবার বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি জেলায়। ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে এই জেলাগুলিতেই।
> সোমবার বজ্রপাত সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলিচতে। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে।
> মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম বং মুর্শিদাবাদে। শিলাবৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূমে।
> বুধবার কমলা সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা। বজ্রপাত সহ বৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা।
শুক্রবার পর থেকে জেলায় জেলায় বৃষ্টি কমে ফের খটখটে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর। যদিও কলকাতায় বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ের সঙ্গেই বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। একইরকম আবহাওয়া থাকবে সোমবারও। মঙ্গলবার ঝড়বৃষ্টি বাড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ওই জন্যই এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবারও কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার শিলাবৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কোচবিহারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ১০ এপ্লি থেকে উত্তরবঙ্গে কমবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।
আবহাওয়া দফতররের পরামর্শ
মারাত্মক শুষ্ক আবহাওয়াতে শিশু এবং প্রবীণদের
শরীরে সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা। প্রয়োজন না পড়লে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে বাইরে বেরতে নিষেধ করছে হাওয়া অফিস। জল তেষ্টা না পেলেও বেশি করে খওয়ার পরামর্শ।