
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবারও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির একই চিত্র বজায় থাকবে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কোথাও কোথাও বজ্রঝড় ও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রবিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, কয়েকটি জেলায় বজ্রসহ ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) চলবে।
দক্ষিণবঙ্গেও একই পরিস্থিতি বজায় থাকবে। শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়া ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইতে পারে। বাঁকুড়া ও পুরুলিয়ায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ছিটেফোঁটা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট থাকতে পারে, যার গতি ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। শনিবার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রঝড় এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের স্পষ্ট বার্তা, এখনই ঝড়-বৃষ্টি থেকে রেহাই নেই। তাই বাইরে বেরোলে সতর্কতা অবলম্বন করা, বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।