বসন্তে চড়ছে পারদ শীতের অস্তিত্ব ক্রমশই ফিকে হচ্ছে বাংলা থেকে। এবারের মতো পাকাপাকি ভাব বিদায় জানানোর পালা আসন্ন। ক্রমশই বাড়ছে তাপমাত্রার পারদ। ভোরের দিকে শিরশিরানি ভাব থাকলেও ফ্যান ছাড়া এক মুহূর্তও যেন টেকা যাচ্ছে না এই বসন্তে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য নীচে থাকলেও রোদের তেজে ফেব্রুয়ারিতেই গলদঘর্ম হচ্ছে মানুষ। আগামী কয়েকদিনে কেমন থাকবে আবহাওয়া?
কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?
খুব একটা ভাল খবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। শীতপ্রেমীদের নিরাশ করেই হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলে ও শুষ্ক পরিস্থিতিই বজায় থাকবে। বৃহস্পতিবার থেকেই ঊর্ধ্বমুখী হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। চড়চড় করে বাড়বে রোদের তেজও।
কলকাতার তাপমাত্রা
চলতি ফেব্রুয়ারিতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। সকালে ও রাতে শীতের হালকা আমেজও ধীরে ধীরে উধাও হবে শহরে। সপ্তাহের শেষের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা সর্বনিম্ন ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। যা মঙ্গলবারই ১৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা
৩৩ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা। দিনে শীতের অনুভূতি কমবে প্রায় সব জেলাতেই। বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা উপকূলীয় সংলগ্ন জেলায় তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশি কুয়াশা পড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
নিম্নচাপের পূর্বাভাস
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সেটি। এটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে বুধবার। তবে এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়। আপাতত চলতি সপ্তাহে এ রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।