
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় এখনই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে গ্রেফতার করা যাবে না। শুক্রবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এছাড়াও শীর্ষ আদালতের নির্দেশ গ্রেফতার করা যাবে না পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও। পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাঁদের গ্রেফতার করা যাবে না। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। যদিও নিয়োগ কেলেঙ্কারির তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের। শীর্ষ আদালত আরও জানিয়ে দিয়েছে যে সিবিআই-র সিট এই কেসের তদন্ত চালিয়ে যাবে।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এবং পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সিবিআই প্রয়োজন মনে করলে তাঁদের গ্রেফতারও করতে পারবে বলেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আদালতের নির্দেশের পরে নিয়োগ তদন্তে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন গৌতম পাল। যদিও বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পর্ষদ সভাপতি গৌতম।
শুক্রবার এই মামলার শুনানিতে গৌতম পালের আইনজীবী শীর্ষ আদালতে জানান, দুর্নীতির বিষয়ে তাঁর মক্কেল গৌতম পাল কিছুই জানেন না। গত বছর ২৪ অগাস্ট তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নিয়েছেন। এরপর ডেপুটি সেক্রেটারি হিসাবে যোগ দেন পার্থ কর্মকার। তারপরই আদালত জানিয়ে দেয় যে পরবর্তী শুনানির দিন পর্যন্ত গৌতম পালকে গ্রেফতার করা যাবে না। আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো শুধু তদন্ত করতে পারবে সিবিআই।