সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তর শুরু।সালটা ২০১৬। বাংলাদেশ সীমান্তে জমি চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কিন্তু সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি হাতে পায়নি বিএসএফ। ১০ বছর পর শুরু হল সেই প্রক্রিয়া। প্রথম দফায় ৪৩ একর জমি বিএসএফকে হস্তান্তর করল শুভেন্দু অধিকারীর সরকার।
বাংলাদেশের সঙ্গে ভারতের ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গেই ২২১৬ কিলোমিটার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়,'৬০০ কিলোমিটার সীমান্ত অরক্ষিত। এর মধ্যে ৫৫৫ কিলোমিটার এমন এলাকা আছে, যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত। তোষণ, ভোটব্যাঙ্কের জন্য জমি দেয়নি বিগত রাজ্য সরকার'।
সীমান্তে জমি দেওয়ার সঙ্গে রাজ্য ও দেশের নিরাপত্তা জড়িত বলেও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'দীর্ঘদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্ত সুরক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্ব। রাজ্য এবং দেশে নানা জায়গায় যে ধরনের দেশবিরোধী কাজ, আইনশৃঙ্খলা জনিত অপরাধ, বলপূর্বক ধর্মপরিবর্তন, ল্যান্ড জিহাদ, লভ জিহাদ বৃদ্ধি পাচ্ছিল। এই সব অপরাধে জড়িতদের বড় অংশ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী'।
এরপরই জমি হস্তান্তরের ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। বলেন,'প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার জন্য জমি বিএসএফের হাতে তুলে দিলাম। অধিগ্রহণের জন্য সব অর্থ আমাদের দিচ্ছে ভারত সরকার'।
বিএসএফের আধিকারিক জানান,'অনেক দিন থেকে কাঁটাতারের জন্য জমি চেয়েছিলাম। আমরা আমূল পরিবর্তন দেখলাম। রাজ্য সরকারের থেকে আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি। ইন্দো-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত হবে। জাতীয় নিরাপত্তার জন্য এটা জরুরি ছিল'।