পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা কমছেভাইফোঁটা, ছট, শিবরাত্রিতে আর ছুটি পাবেন না সরকারি কর্মীরা? তৃণমূল সরকারের আমলে চালু হওয়া অতিরিক্ত ছুটির দিনগুলি এ বার কাটছাঁট করার পথে শুভেন্দু সরকার।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান, রাজ্য সরকারি কর্মীদের ছুটির সংখ্যা কমিয়ে করা হোক ৪০। এই মর্মে তিনি অর্থসচিবকে নির্দেশও দিয়েছেন যাতে একটি নতুন ছুটির তালিকা তৈরি করা হয়। তাঁর বক্তব্য, বকেয়া কাজ এগিয়ে নিয়ে যেতে প্রশাসনে কাজের সংস্কৃতি ফেরানো জরুরি।
চলতি বছরে সরকারি ছুটির সংখ্যা প্রায় ৫০ দিন। মুখ্যমন্ত্রীর কথায়, 'আমি অর্থসচিবকে ডেকে বলেছিলাম, কমাতে হবে। উনি ৪৫ দিনের একটি তালিকা দিয়েছেন। বলেছি ওটা আরও কমিয়ে ৪০ করতে হবে।'
কোন কোন দিন ছুটি বাদ পড়বে?
যদিও কোন কোন দিন আর সরকারি ছুটি মিলবে না তার কোনও চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
মমতা সরকারের আমলে রাজ্য সরকারি ছুটির তালিকা ক্রমশ দীর্ঘ হয়েছিল। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং মনীষীদের জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করেছিল তৎকালীন সরকার। পালাবদলের পরে এবার সেই তালিকায় রাশ টানতে চাইছেন শুভেন্দু।
রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতেই কি ছুটি কমানোর এই ভাবনা? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, 'হ্যাঁ, কাজের সংস্কৃতি তো ফেরাতে হবে। নইলে কাজ এগোবে কী করে। অনেক কাজ করতে হবে। অনেক কাজ বকেয়া পড়ে রয়েছে।' পূর্বতন সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের জমানায় গোটা আর্থিক বছরে যে পরিমাণ রাজস্ব আদায় হত, নতুন সরকার প্রথম ছ’মাসেই তার চেয়ে ৪ হাজার কোটি টাকা বেশি আদায় করেছে। এর জন্য অতিরিক্ত করও বসাতে হয়নি বলে জানিয়েছেন তিনি।
তৃণমূল আমলে তৈরি হওয়া অতিরিক্ত ছুটির তালিকা
> ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন
> শিবরাত্রি
> শবেবরাত
> হরিচাঁদ ঠাকুরের জন্মদিন
> বিরসা মুন্ডার জন্মদিন
> করম পুজো
> ভাইফোঁটা
> পয়লা বৈশাখ
> জামাইষষ্ঠী (হাফ ডে)
> ছট পুজো
বাম জমানায় ষষ্ঠীতে কাজ হয়ে সরকারি অফিস ছুটি পড়ত। লক্ষ্মীপুজোর পরদিন খুলত। তৃণমূল সরকারের আমলে একধাপ এগিয়ে অনেক সময়ে চতুর্থী থেকেই পুজোর ছুটি পড়ে যেত। তা টানা ভাইফোঁটা পর্যন্ত চলত। এ বছরও তেমনটাই হচ্ছে। পুজোর ছুটি শেষে সরকারি অফিস, স্কুল-কলেজ খুলছে আগামী ১৩ নভেম্বর ভাইফোঁটার পর।
আগে ভাইফোঁটায় কোনও রাজ্য সরকারি ছুটি ছিল না। জামাই ষষ্ঠীতে আগে কোনও ছুটি ছিল না। এখন হাফ ছুটি চালু হয়েছে। আবার ছটপুজো ছিল সেকশন্যাল হলি-ডে। এখন সবার জন্য সেই ছুটি চালু হয়েছে। তৃণমূল সরকারের আমলে পয়লা বৈশাখও ছুটি চালু হয়েছে। যদিও রাজ্য সরকার ছুটির দিন কমানোর পথে হাঁটায় এই তালিকা থেকে কোনগুলি বাদ যেতে পারে, তা এখনও জানানো হয়নি।