SRFTI-এ কারা হামলা চালাল, অশান্তির সূত্রপাত কীভাবে? তদন্তে SIT গঠন রাজ্যের

গত ২৭ সেপ্টেম্বর, রবিবার, এসআরএফটিআইয়ের অডিটোরিয়ামে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অনুষ্ঠান আয়োজন নিয়ে পড়ুয়াদের একাংশের আপত্তি থেকেই বচসার সূত্রপাত বলে জানা গিয়েছে।

Advertisement
SRFTI-এ কারা হামলা চালাল, অশান্তির সূত্রপাত কীভাবে? তদন্তে SIT গঠন রাজ্যের SRFTI-এ পড়ুয়াদের বিক্ষোভ
হাইলাইটস
  • ঘটনাকে ঘিরে পড়ুয়াদের একাংশ এবং অনুষ্ঠানের আয়োজকদের তরফে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়
  • পড়ুয়াদের অভিযোগ, তাঁদের বিনা প্ররোচনায় মারধর করা হয়েছে

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ ২৭ সেপ্টেম্বরের হামলার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করল রাজ্য সরকার। এই ঘটনায় দায়ের হওয়া অভিযোগ ও এফআইআরগুলির তদন্ত করবে ওই দল। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশের পঞ্চসায়র থানায় এই ঘটনা সংক্রান্ত তিনটি মামলা নথিভুক্ত রয়েছে। তার তদন্ত করবেন SIT এর সদস্যরা। 

কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (গোয়েন্দা) কুণাল আগরওয়ালের নেতৃত্বে কাজ করবে এই দল। তদন্তের অগ্রগতি নিয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারকে প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এই তদন্তকারী দলে রয়েছেন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের সিআইডি-সহ বিভিন্ন বিভাগের পাঁচ আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) স্পর্শা নিলাঙ্গি, সিআইডির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কৌশিক ঘোষ এবং কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সলিল রায়। দলে রয়েছেন ইস্টার্ন সাবার্বান ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তুষারকান্তি ঘোষ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর হীরক দলপতি। 

গত ২৭ সেপ্টেম্বর, রবিবার, এসআরএফটিআইয়ের অডিটোরিয়ামে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অনুষ্ঠান আয়োজন নিয়ে পড়ুয়াদের একাংশের আপত্তি থেকেই বচসার সূত্রপাত বলে জানা গিয়েছে। পরে পরিস্থিতি হাতাহাতি ও বিক্ষোভের পর্যায়ে পৌঁছয়। 

ঘটনাকে ঘিরে পড়ুয়াদের একাংশ এবং অনুষ্ঠানের আয়োজকদের তরফে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। পড়ুয়াদের অভিযোগ, তাঁদের বিনা প্ররোচনায় মারধর করা হয়েছে। অন্যদিকে, আয়োজকদের দাবি, অনুষ্ঠানে বাধা দেওয়া হয় এবং ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, তদন্তে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হবে। ঘটনায় কার কী ভূমিকা ছিল, সেগুলিও খতিয়ে দেখবেন তদন্তকারীরা। প্রয়োজন হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আগামী ১ অক্টোবরের মধ্যে SIT-কে প্রথম তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।

Advertisement

প্রসঙ্গত SRFTI হল এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে সিনেমা ও টেলিভিশন তৈরির নানা কাজ হাতে-কলমে শেখানো হয়। কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন এই প্রতিষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে লেখাপড়া করতে আসেন ছাত্র-ছাত্রীরা। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নামে এই প্রতিষ্ঠান।১৯৯৫ সালে পথ চলা শুরু করেছিল। 

POST A COMMENT
Advertisement