LPG-র জন্য চালু হেল্পলাইন LPG সরবরাহ হচ্ছে না ঠিকমতো। তার জেরে হাসপাতালের বা স্কুলের মিড ডে মিলের রান্নার ব্যাঘাত ঘটছে। এমন অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে LPG সরবরাহ ও বিতরণে নজরদারি নিশ্চিত করতে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) জারি করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে, সরবরাহ সংক্রান্ত অভিযোগ দ্রুত সমাধান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের সচিবালয় নবান্নে ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম চালু করা হবে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, LPG সরবরাহে সম্ভাব্য বিঘ্ন নিয়ে উদ্বেগের মধ্যেই সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। SOP-তে বলা হয়েছে, সমন্বিত নজরদারি জোরদার করা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনসাধারণের অভিযোগ দ্রুত মেটানোর জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
নবান্নে ২৪x৭ কন্ট্রোল রুম
নতুন ব্যবস্থার অংশ হিসেবে নবান্নে একটি ২৪ ঘণ্টার স্টেট LPG কন্ট্রোল রুম চালু করা হবে। এটি LPG সরবরাহ ব্যবস্থার কেন্দ্রীয় সমন্বয় ও পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে। কন্ট্রোল রুমের নম্বর হল ১০৭০/২২১৪৩৫২৬/ ৮৬৯৭৯৮১০৭০।
এই কন্ট্রোল রুম LPG সিলিন্ডারের মজুত, সরবরাহের অবস্থা এবং বিভিন্ন জেলায় সিলিন্ডারের চলাচল নিয়মিত নজরে রাখবে। পাশাপাশি জেলা প্রশাসন, ডিস্ট্রিবিউটর এবং তেল বিপণন সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে সরবরাহ ব্যবস্থার যে কোনও সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
গঠন করা হল রাজ্যস্তরের মনিটরিং কমিটি
LPG সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যালোচনার জন্য একটি রাজ্যস্তরের ক্রাইসিস মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব।
কমিটিতে খাদ্য ও সরবরাহ, স্কুল শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবহণ দফতরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি তেল বিপণন সংস্থাগুলির প্রতিনিধিরাও থাকবেন। তারা নিয়মিতভাবে সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতি নির্দেশ দেবে।
জেলাতেও বাড়ছে নজরদারি
সরকারি আধিকারিকদের মতে, জেলাস্তরেও বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করা হবে যাতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি হাসপাতাল, স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলিতে LPG সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে।
মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ
SOP-তে LPG সিলিন্ডার মজুতদারি, কালোবাজারি বা অন্যত্র সরিয়ে নেওয়ার মতো বেআইনি কাজের বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন, ডিস্ট্রিবিউটর এবং তেল বিপণন সংস্থাগুলির মধ্যে সমন্বয় রেখে যাতে রাজ্যজুড়ে LPG সরবরাহ স্বাভাবিক থাকে, সেদিকেও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার।