রাজ্যের সরকারি খাতায় এখনও Minimum Bus Fare 7 টাকা, কত শতাংশ বাড়াতে চাইছেন মালিকরা?

রাজ্য সরকার জমা দেওয়া নতুন ভাড়ার প্রস্তাবে সম্মতি দিলে ভাড়া বাড়বে। এখনও সরকারি খাতায় ২০১৮ সালের বাস ভাড়াই রয়েছে। তার উপরই বাড়ানোর দাবি করছেন মালিকরা।

Advertisement
রাজ্যের সরকারি খাতায় এখনও Minimum Bus Fare 7 টাকা, কত শতাংশ বাড়াতে চাইছেন মালিকরা?বাস ভাড়া বাড়ানোর দাবি।
হাইলাইটস
  • ৭ টাকা থেকে বেড়ে কত হতে পারে বাসভাড়া?
  • নতুন ভাড়ার প্রস্তাব রাজ্য সরকারকে।

কলকাতায় বেসরকারি বাসের ন্যূনতম ভাড়া কত? এমন প্রশ্ন শুনে অবাক হচ্ছেন তো! আসলে সরকারি খাতায় এখনও বাসের মিনিমাম ভাড়া ৭ টাকা। আর মিনিবাসের ৮ টাকা। সেই ভাড়ার উপরেই ১২৯ শতাংশ বাড়ানোর দাবি করেছে  বেসরকারি বাসমালিকরা। এই মর্মে সরকারের কাছে জমা পড়েছে প্রস্তাব। বাস মালিকদের বাস ভাড়া বাড়ানোর দাবির সঙ্গে সহমতও পোষণ করেছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। জানিয়েছেন, বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। 

বাংলার বেসরকারি বাসমালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস নভেম্বরের গোড়ায় পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে। সংগঠনের যুক্তি, ২০১৮ সালে শেষবার সরকারিভাবে বাসভাড়া সংশোধন করা হয়েছিল। তারপর থেকে জ্বালানির দাম, বাসের রক্ষণাবেক্ষণের খরচ, কর্মীদের বেতন এবং অন্যান্য ব্যয় লাগাতার বেড়েছে। ফলে পুরনো ভাড়ায় বাস চালানো আর্থিকভাবে অসম্ভব হয়ে পড়ছে।

২০১৮ সালের ভাড়া কত

সরকারি ভাড়ার তালিকা অনুযায়ী, সাধারণ বাসে ৪ কিলোমিটার পর্যন্ত ন্যূনতম ভাড়া ৭ টাকা। ৪ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৯ টাকা, ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা এবং ১৬ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ১১ টাকা। ২০ থেকে ২৪ কিলোমিটার যাতায়াতে বাসের ভাড়া ১২ টাকা। মিনিবাস এবং স্পেশাল বাসের ক্ষেত্রে ৩ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৮ টাকা। ৩ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত ৯ টাকা, ৬ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা এবং ১০ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১১ টাকা করা হয়েছে। ট্যাক্সির ন্যূনতম ভাড়া ৩০ টাকা।

এখন ভাড়া কত

কোভিডের পর বাসভাড়া বেড়ে গিয়েছে। যাত্রীরা বলছেন, বাসে ন্যূনতম বাস ভাড়া ১০ টাকা। আর মিনিবাস ও স্পেশাল বাসে ১২ টাকা। ৭ বা ৮ টাকা আর নেই। 

বাস মালিকদের হিসেব

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানান,'পরিবহণমন্ত্রীকে খরচের হিসেব তুলে দিয়েছি আমরা। ১২৯ শতাংশ ভাড়া বাড়ানো হলে যাত্রী পরিবহণ ব্যবস্থাকে বাঁচানো সম্ভব। আমরা বলেছি, ২০১৮ সালের ভাড়ার উপরে বর্ধিত ভাড়া চাইছি। সরকার লাভ বাড়ালে পরিষেবা আরও ভাল হবে। এই সরকার প্রথম থেকে বলছে, পরিষেবা ভাল হতে হবে। আর বাড়াতে হবে আয়ও। আমরা সরকারের উপর ভরসা রাখছি'।   

Advertisement

পরিবহণমন্ত্রী কী বলছেন?

পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ জানান,'ভাড়া বাড়ানোর দাবি অযৌক্তিক নয়। তবে যাত্রীদের পরিস্থিতিও আমাদের বিবেচনা করতে হবে। তাঁদের উপর বিপুল আর্থিক চাপ চাপিয়ে দেওয়া যায় না। পাশাপাশি বাসমালিকদেরও ভাবতে হবে, কেন ক্রমশ যাত্রী কমছে। 
 

POST A COMMENT
Advertisement