কোন জেলায় এই বৃষ্টি কতক্ষণ চলবেভারী নিম্নচাপের জেরে শনিবার থেকেই রাজ্যে ছিল বৃষ্টির পূর্বাভাস। ওইদিন ছাড় মিললেও, রবিবার সকাল থেকেই নিম্নচাপের আবহাওয়া বাংলায়। কলকাতা তো বটেই, জেলায় জেলায় রবিবার দফায় দফায় বৃষ্টি হল। সেই রেশ চলছে সোমবারেও। সকাল থেকেই দক্ষিণবঙ্গ-সহ রাজ্যজুড়ে চলছে বৃষ্টি। যার জেরে সোমবার অফিস যাতায়াতে নাকাল হতে হল আমজনতাকে। এই বৃষ্টি কি দিনভর চলবে?
এই নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। রবিবার দুপুরে এই নিম্নচাপ উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করেছে। এর জেরেই ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন রাজ্যগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
রবিবার বিকেলে IMD জানিয়েছে, নিম্নচাপটির অবস্থান ছিল উপকূলবর্তী উত্তর ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর। বিকেল নাগাদ বালেশ্বর থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে, বারিপদা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কেওনঝরগড় থেকে ১০০ কিলোমিটার পূর্বে এবং জামশেদপুর থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
কিন্তু গত ৬ ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপটি রবিবার দুপুর প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ বালেশ্বরের কাছে ওড়িশা উপকূল অতিক্রম করে। আগামী ২৪ ঘণ্টায় এটি একই দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা, সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে এগোবে এবং স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে IMD।
এই নিম্নচাপের প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের উপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। IMD জানিয়েছে, ওড়িশার বিচ্ছিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকাগুলির বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
IMD-র দেওয়া তথ্য বলছে, সোমবারের পর মঙ্গলবারও টানা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে IMD। জেলাগুলির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার রাত থেকে আগামী ২-৩ দিনের জন্য বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে গোটা সপ্তাহ জুড়েই বজ্রপাত-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, দুই দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই চলবে বৃষ্টিপাত।