বাংলায় আপাতত স্থগিত SSR, 'অনিবার্য পরিস্থিতি' বলল Election Commission

ভোটার তালিকার বিশেষ সংশোধনে নতুন ভোটারের নাম তোলা, মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া হয়। তার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা।

Advertisement
বাংলায় আপাতত স্থগিত SSR, 'অনিবার্য পরিস্থিতি' বলল Election Commissionবাংলায় স্থগিত এসএসআর।
হাইলাইটস
  • বাংলায় স্থগিত হল এসএসআর।
  • বিজ্ঞপ্তি দিয়ে জানাল সিইও দফতর।

বাংলায় ২০২৭ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SSR) প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO)। আগামী ২৩ নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে আপাতত এই কর্মসূচি স্থগিত রাখা হল।

প্রাথমিকভাবে ২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। পরে সেই তারিখ পিছিয়ে ২৩ নভেম্বর করা হয়। এবার গোটা প্রক্রিয়াই স্থগিত হয়ে গেল। শুক্রবার রাজ্য সিইও দফতরের ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ২৩ নভেম্বর থেকে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে আপাতত তা স্থগিত রাখা হচ্ছে। কবে তা শুরু হবে, সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় যাঁদের নাম ওঠেনি, তাঁদের জমা দেওয়া নথিপত্র ফের যাচাইয়ের কাজ চলছে। সংবাদ সংস্থা পিটিআইকে সিইও দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদন এবং জমা দেওয়া নথি খতিয়ে দেখা হচ্ছে। যাচাইয়ের পর তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানাতেও চলছে এসএসআর। ওই রাজ্যগুলিতে আগামী ২২ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা।

কেন স্থগিত SSR?

পশ্চিমবঙ্গে বার বার কর্মসূচি পিছিয়ে যাওয়ায় গোটা প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে SIR-এ যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের জমা দেওয়া নথিপত্র যাচাইয়ের কাজ কতটা এগিয়েছে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও অনিবার্য পরিস্থিতি ছাড়া স্থগিতাদেশের কোনও নির্দিষ্ট কারণ সরকারিভাবে জানানো হয়নি, তবে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কয়েকটি সূত্রের দাবি, SIR ট্রাইব্যুনালের কাজের গতি শ্লথ হওয়াও এর অন্যতম কারণ হতে পারে।

Advertisement

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর যাঁরা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন, তাঁদের মামলাগুলি খতিয়ে দেখছে এই ট্রাইব্যুনাল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে একাধিক বিচারক পদত্যাগ করায় কাজের উপর প্রভাব পড়েছে বলে খবর। ফলে বাকি সদস্যদের উপর বিপুল সংখ্যক মামলার দায়িত্ব এসে পড়েছে। এছাড়াও কয়েক জন আবেদনকারীর নথি জমা দিতে দেরি হওয়ায় যাচাইয়ের কাজ আরও জটিল হয়ে উঠেছে বলে জানা গিয়েছে।

নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ সূত্রের দাবি, সংশোধিত ভোটার তালিকা এখনও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের হাতে এসে পৌঁছয়নি। কবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, তা নিয়ে নির্বাচন কমিশন পরবর্তী সময়ে ঘোষণা করবে বলে জানিয়েছেন ওই সূত্র।

TAGS:
POST A COMMENT
Advertisement