৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে রাজ্যে ছুটি ঘোষণা: অর্থমন্ত্রীনবগঠিত রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ঝুলি উজাড় করে দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কর্মী নিয়োগ থেকে ডিএ বৃদ্ধি, একাধিক বিষয়ে বড় ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সেইসঙ্গে এদিন বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়ে দেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবার থেকে রাজ্যে ছুটি হিসেবে গণ্য হবে।
অর্থমন্ত্রী বলেন, ‘৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে এ বার থেকে রাজ্যে ছুটি থাকবে।' পাশাপাশি তিনি জানান, ডঃ শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ হবে ১২৫ কোটি টাকা ব্যয়ে। তাঁর স্মৃতিতে গ্রন্থাগারের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
সোমবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি (দেওয়ার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। শুধু তাই নয়, শ্যামাপ্রসাদের জিরাটের পৈতৃক ভিটেকে সংরক্ষণ করার কথাও ঘোষণা করা হয় রাজ্য বাজেট পেশের সময়। সেখানে লাইব্রেরি, পার্ক, স্মৃতিসৌধ ইত্যাদি তৈরিতে ২০০ কোটি টাকা বরাদ্দ করেন অর্থমন্ত্রী।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, বাংলায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি তৈরি হবে। তিনি বলেন, '৬ জুলাই শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম-জয়ন্তী। সাড়ম্বরে পালন করা হবে। তাঁর পৈত্রিকভিটা ক্রয় করে লাইব্রেরি বানাব,স্মৃতিসৌধ বানাব।' উল্লেখ্য, এবার ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে পশ্চিমবঙ্গ দিবসের দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করে প্রশানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'কলকাতার হিংসায় কত কত বাঙালির মৃত্যু হয়েছিল। তারপর হয়েছিল নোয়াখালির দাঙ্গা। এখানকার মানুষ মাতভূমিকে টুকরো হতে দেখেছিল। পুরো পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তা হতে দেননি।' তিনি সেদিন আরও বলেন, 'সেদিন তিনি না থাকলে আজকের পশ্চিমবঙ্গ হতো না। কংগ্রেস তো হাল ছেড়ে দিয়েছিল।'