
১৬ অগাস্ট এখন থেকে বাংলায় আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরে একটি সাংগঠনিক সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান।
মুখ্যমন্ত্রী বলেন, "TMC আগে ১৬ অগাস্টকে 'খেলা হবে দিবস' হিসেবে পালন করত। তবে আসলে এই দিনটি কলকাতার ইতিহাসে একটি ভয়াবহ দিন। তাই এখন থেকে এই দিনটি আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে।"
তিনি বলেন, "আগামী ১৬ অগাস্ট এই সরকারের ১০০ দিন পূর্ণ হবে। কলকাতার ইতিহাসে ১৬ অগাস্ট একটি ভয়াবহ দিন। সুরাবর্দির নেতৃত্বে 'The great Calcutta killing' (কলকাতা দাঙ্গা) ঘটেছিল। আর আগের তৃণমূল কংগ্রেস সরকার এই দিনটিকে 'খেলা হবে দিবস' হিসেবে পালন করেছে। আমাদের সরকার এই দিনটিকে 'আয়ুষ্মান দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।"
উল্লেখ্য, ১৯৪৬ সালে ১৬ অগাস্ট কলকাতায় যে ভয়াবহ দাঙ্গা হয়েছিল। তাই ইতিহাসের পাতায় The great Calcutta killing হিসেবে জায়গা পেয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ওই দিন কলকাতায় হিন্দু-মুসলিমদের মধ্যে হিংসার ফলে যত মানুষ খুন হন, যত সম্পত্তি ধ্বংস হয়, অতীতে তার নজির মেলে না। বলা হয় দাঙ্গা শুরু হওয়ার পর থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ৪০০০ মানুষের মৃত্যু হয়েছিল। পাশাপাশি গৃহহীন হয়েছিলেন প্রায় লক্ষাধিক মানুষ। এবার সেই দিনের কথা স্মরণ করেই 'আয়ুষ্মান দিবস' পালন করবে রাজ্য সরকার।
এদিন ১৬ অগাস্টের পাশাপাশি, বিমানবন্দরের রানওয়েতে মসজিদ বিতর্ক নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, "জাতীয় সুরক্ষা ও বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চিন, বাংলাদেশ সব কাছে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে এভাবে খুলে রাখা যায় না। আমরা তো কাউকে ধর্মপালনে বাধা দিইনি। ভদ্র থাকবেন। আইন মেনে চলবেন। কোনও অসুবিধা নেই। সব ঠিক চলবে।"