পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস বিদায়বেলাতেও ঝড়বৃষ্টির দাপট দেখাতে চলেছে বর্ষা। ফের নতুন করে দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকেই আবহাওয়ায় বিরাট বদল আসতে চলেছে। রবিবার পর্যন্ত চলবে সেই বদল।
জোড়া ফলায় দুর্যোগ
হাওয়া অফিস জানিয়েছে, একটি মৌসুমি অক্ষরেখা বর্তমানে সৌরাষ্ট্র ও সংলগ্ন উত্তর-পূর্ব আরবসাগরের নিম্নচাপ এলাকার কেন্দ্র থেকে দৌসা, জয়পুর, আগ্রা, লখনৌ, গয়া, সাগরদ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই দুই সিস্টেমের প্রভাবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোন কোন জেলায় বৃষ্টি?
এদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি। শনিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোজই থাকছে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
ফলে বিশ্বকর্মা পুজো এবং উইকএন্ড জুড়ে নতুন করে ভাসবে দক্ষিণবঙ্গ।