বৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবিফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনের মতো আজও বৃষ্টিতে ভিজতে পারে শহর। সকাল থেকেই কলকাতার বেশ কিছু অংশে আকাশ রয়েছে মেঘলা। ফলে বিকেলের আগেই বৃষ্টি হতে পারে। এদিন উত্তর ও দক্ষিণবঙ্গে পরিস্থিতি কেমন থাকতে পারে, দেখে নেওয়া যাক।
কলকাতায় আজকের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে বৃষ্টির মধ্যেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি।
আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টায় শহরে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে দিনের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়ার পূর্বাভাস
IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে এবং অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। এছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়ার পূর্বাভাস
আজ থেকে উত্তরবঙ্গে কমছে ভারী বৃষ্টি। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।