পশ্চিমবঙ্গের আবহাওয়াআকাশে রয়েছে মেঘ। সকাল থেকেই ভ্যাপসা গরম। বাড়ছে অস্বস্তি। পাখা ছাড়া একবারেই থাকা দায়। বেলা বাড়লে আবার রোদের দাপটও সমস্যায় ফেলছে। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, আজ কি আদৌ বৃষ্টি হবে? হলে কোন কোন জেলায় হতে পারে? আর সেই উত্তরটা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আসুন তাদের পূর্বাভাস জেনে নেওয়া যাক।
সোমবার কোথায় কোথায় ঝড়বৃষ্টি?
আজ, সোমবার দক্ষিণবঙ্গের ৮ জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের রয়েছে আশঙ্কা রয়েছে। বিশেষ করে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে জানা যাচ্ছে। কলকাতাতেও আজ এমন আবহাওয়ার দাপট থাকতে পারে। তাই আজ বাইরে বেরলে সঙ্গে ছাতা থাকা মাস্ট।
তবে শুধু সোম নয়, বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে। মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবারও রয়েছে বৃষ্টির আশঙ্কা।
উত্তরবঙ্গে এখনও বৃষ্টি চলবে
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী তিনদিন দক্ষিণবঙ্গের থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। সোমবার, অর্থাৎ আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বর্জ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে খবর। এছাড়া এ দিন ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে হাওয়া।
মঙ্গলবারও একই অবস্থা থাকবে আবহাওয়ার। ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ওই দিন জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং এবং কোচবিহারে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
একই রকম আবহাওয়া থাকতে পারে বুধবারও। ওই দিন উত্তরবঙ্গের ৫ জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কমবে তাপমাত্রা...
আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে ঠিকই। তবে সেটা থেকে কিছুটা রেহাই মিলবে। বরং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমবে তাপমাত্রা বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও দুইদিন পর থেকে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া উত্তরবঙ্গেও আগামী ২ দিনে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে।