আবহাওয়ার পূর্বাভাসসোমবার রাতে ব্যাপক ঝড়, বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা। যার ফলে শহরের একাধিক জায়গায় ভেঙেছে হোর্ডিং ও গাছের ডাল-পালা। আর শুধু কলকাতা নয়, সোমবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতেও দফায় দফায় হয়েছে বৃষ্টি। পাশাপাশি মিলেছে শিলাবৃষ্টির খবরও। এমন পরিস্থিতিতে সকলেই জানতে চাইছেন যে কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া? আর সেই বিষয়েও আপডেট দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ সারাদিনই মেঘলা থাকতে পারে আকাশ। আবার কোনও কোনও সময় চড়া রোদও উঠতে পারে। এক কথায় রোদ এবং মেঘের লুকোচুরি খেলার সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর আবহাওয়া পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার দুপুরের দিকে ভালই গরম থাকতে পারে। দক্ষিণের কোনও কোনও জেলার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৩ থেকে ৩৫ ডিগ্রির আশপাশে। তবে বিকেলের পর ধীরে দমকা হাওয়া বইবার আশঙ্কা রয়েছে। পাশাপাশি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও কোথাও সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই দিনের শেষে তাপমাত্রা অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে।
আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে
রাতে কলকাতা সহ বাংলার অধিকাংশ জেলাই ভিজেছে। তাই সকালে মোটামুটি ভালই রয়েছে আবহাওয়া। গরম তেমন একটা টের পাওয়া যাচ্ছে না। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে। যার ফলে ভ্যাপসা গরম লাগার আশঙ্কা রয়েছে।
যদিও আবহাওয়া আবার মনোরম হতে পারে বিকেলের পর। এই সময় কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির রয়েছে আশঙ্কা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতা ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা যেমন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতে মঙ্গলবার মেঘলা থাকতে পারে আকাশ। পাশাপাশি দিনের অধিকাংশ সময়ই ভ্যাপসা গরম থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার সময় আবার বৃষ্টির আশঙ্কা রয়েছে।
একই রকম আবহাওয়া থাকার কথা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। সেখানে সকালের দিকে তাপমাত্রা বাড়লেও বিকেলের পর বৃষ্টি হতে পারে। এছাড়া বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও পরিস্থিতি একই রকম থাকতে পারে।
উত্তরের আবহাওয়া কেমন থাকবে?
সোমবার ভিজেছে উত্তরবঙ্গও। ঝড়-বৃষ্টির জন্য একাধিক এলাকায় দীর্ঘক্ষণ ছিল না বিদ্যুৎ। আর আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল থেকেই মেঘলা থাকতে পারে আকাশ। তাই আজ বিকেলের পর বেরলে ছাতা সঙ্গে থাকা মাস্ট।