পশ্চিমবঙ্গের আবহাওয়া (ছবি: পিক্সেলস)বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে আজ, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তির্ণ জায়গায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকী ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, আজ রাজ্যের রাজধানী শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ওদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভালই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তাই আর সময় নষ্ট না করে কলকাতা থেকে শুরু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার আবহাওয়ার আপডেট জেনে নিন।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
মঙ্গলবার ভোরেই কলকাতার একাংশে বৃষ্টি হয়েছে। তাই সকাল থেকেই ভেজা রয়েছে রাস্তা। যদিও সকাল হতেই কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলছে। কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় নামতে পারে বৃষ্টি। বিশেষত, দুপুরের পর থেকে আবহাওয়া বৃষ্টির জন্য অনুকূল হতে পারে। এই সময় বাড়তে পারে বর্ষণ।
তবে আজ কলকাতায় কোনওভাবেই ভারী বৃষ্টি হবে না। বরং হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ৩৩ থেকে ৩৪ ডিগ্রির আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে। বৃষ্টি হবে। তবুও বজায় থাকবে ভ্যাপসা গরম।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল।
ওদিকে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে অবশ্য ভারী বৃষ্টি হবে না। এই সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রবল।
উত্তরবঙ্গে কী হবে?
বেশ কিছু দিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আর আজও সেই ধারা বজায় থাকবে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ওদিকে কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির দাপট কমবে বলেই মনে করছে হাওয়া অফিস।