West Bengal Weather: শীতের রেশটুকুও নেই, চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, উইকএন্ডে আরও গরম?

শীত পাত্তারি গুটিয়ে ফেলল বাংলা থেকে। চড়চড় করে বাড়ছে গরম। ফেব্রুয়ারির শেষেই গলদঘর্ম দশা হচ্ছে রাজ্যবাসীর। আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া? বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কি বৃষ্টি হবে? কী বলছে হাওয়া অফিস? জানুন লেটেস্ট আপডেট...

Advertisement
 শীতের রেশটুকুও নেই, চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, উইকএন্ডে আরও গরম?বাড়ছে তাপমাত্রার পারদ
হাইলাইটস
  • কলকাতায় আরও বাড়ল তাপমাত্রা
  • শীতের রেশটুকুও নেই বাংলায়
  • উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া?

ফেব্রুয়ারিতেই গলদঘর্ম দশা হচ্ছে বঙ্গে। কলকাতা সহ জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়ে গিয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। ফলে শীতের কোটা কমপ্লিট হয়ে গেল, তা বলাই চলে। ঠান্ডার আর রেশটুকু রইল না ফেব্রুয়ারির শেষে। 

আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শহরে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আকাশ মূলত পরিষ্কার থাকবে, আবহাওয়া থাকবে শুষ্ক। উইকএন্ডে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই উষ্ণতা বাড়বে। আগামী সপ্তাহের শুরুতে আরও চড়তে পারে পারদ। আগামী কয়েকদিনে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। দক্ষিণবঙ্গের কোনও জেলায় উল্লেখযোগ্য ভাবে কুয়াশার পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই সামান্য বাড়বে তাপমাত্রার পারদ।

কলকাতার আবহাওয়া?
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবারও আরও বাড়তে পারে তাপমাত্রা।  বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৮ শতাংশ এবং সর্বনিম্ন ৩৩ শতাংশ থাকতে পারে।

নিম্নচাপের কী প্রভাব?
বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওই এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য তা বড়সড় কোনও উদ্বেগ তৈরি করছে না। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ তৈরি হলেও সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনাই বেশি। পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলের দিকে সরাসরি এগনোর সম্ভাবনা আপাতত কম। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা নেই। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement