পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। যা শক্তি বাড়ালে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা। এর প্রভাবে ঝড়বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্তত ৬চি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে, এর গতিপথ কোন দিকে হবে, কোথায় এটি আছড়ে পড়বে, তা নিয়ে আপাতত কোনও স্পষ্ট ধারণা মেলেনি। তবে এই ঘূর্ণিঝড় তৈরি হলে কি শীতের পথে বাধা হতে পারে?
নিম্নচাপের গতিবিধি
হাওয়া অফিসের বুলেটিন জানাচ্ছে, আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার ভোরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরবে এবং শনিবার সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এরপর আরও শক্তি বাড়াবে সেটি। রবিবারের মধ্যে তৈরি হবে গভীর নিম্নচাপ। ওই নিম্নচাপই সোমবার সন্ধ্যায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যে বৃষ্টি কবে?
১৮ নভেম্বর, বুধবার থেকে রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভিজবে কলকাতাও। কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই দিন। তবে উত্তরবঙ্গে আবহাওয়া থাকবে শুকনো।
শীতের কী আপডেট?
উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঠান্ডার আমেজ রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতনেরও পূর্বাভাস রয়েছে। সোমবারের মধ্যে ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে যদিও তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে।
কলকাতার তাপমাত্রা কত?
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৬০ থেকে ৯৫ শতাংশের মধ্যে।