এই বাঙালি পরিবারের Reel এখন গোটা দেশে Viral, জানুন পরিচয়

আজকের ব্যস্ত জীবনে অনেক পরিবারই কাজের চাপে একসঙ্গে সময় কাটানোর সুযোগ কম পায়। তাই এই ভিডিও দেখে মুগ্ধ নেটিজনেরা।

Advertisement
এই বাঙালি পরিবারের Reel এখন গোটা দেশে Viral, জানুন পরিচয়  কলকাতার দম্পতির ভাইরাল ভিডিও।
হাইলাইটস
  • পুজোয় ভাইরাল বাঙালি দম্পতি।
  • নেটমাধ্যমে হচ্ছে প্রচুর শেয়ার।

জীবনে সাফল্যের সংজ্ঞা কী? সুখ কী? বড় বাড়ি, দামি গাড়ি, অঢেল সম্পত্তি নাকি পরিবারের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্ত? মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও যেন নতুন করে এই সব প্রশ্ন তুলে দিল। দুর্গাপুজোর সময়ে উত্তর কলকাতার আলোয় সাজানো রাস্তায় রিকশায় চড়ে গান গাইছে এক দম্পতি। পাশে বসে ছোট ছেলে। মুখে সরল হাসি। এই সামান্য অথচ বর্তমানে বিরল মুহূর্তই এখন নেটমাধ্যমে ভাইরাল। মন জয় করে নিয়েছে হাজার হাজার মানুষের।

এই ভিডিওটা আপনিও হয়তো দেখেছেন। থেমেছেন। পুরো দেখে মুখে এসেছে এক চিলতে হাসি। কোনও আয়োজন নেই। আড়ম্বরহীন। অথচ আপনার মন খুশিতে ভরে উঠেছে। আপনি হারিয়ে গিয়েছেন শৈশবে। এই ভিডিওটা আসলে আরও একবার দেখিয়ে দিল সুখের জন্য সব সময় বড় আয়োজনের প্রয়োজন হয় না। কখনও কখনও প্রিয় মানুষের সঙ্গে একসঙ্গে থাকা, পুজোর আলো দেখতে দেখতে গান গাওয়া, এটুকুই যথেষ্ট। ভিডিওয় দেখা যাচ্ছে, চশমা পরা এক ছাপোষা বাঙালি। পাশে স্ত্রী। তাঁদের মাঝে ছোট ছেলে। উত্তর কলকাতার একটি সরু রাস্তা দিয়ে চলছে রিকশা। হাজার ওয়াটের রোশনাইকেও ফেল করে দিয়েছে এই পরিবারের আনন্দের মুহূর্ত। গান গাইছেন। মজা করছেন।

২০ সেকেন্ডের এই ভিডিও ছড়িয়ে পড়েছে এক্স, রেডিট এবং ইনস্টাগ্রামে। শুধু এক্সেই ভিডিয়োটি ৩০ লক্ষের বেশি বার দেখা হয়েছে। কারও মতে, জীবনে সাফল্য বলতে কী বোঝায়, তার একটি উদাহরণ এই পরিবার। কেউ বলছেন, ইলন মাস্ক এখনও বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি।

ভিডিওয় যাঁকে দেখা গিয়েছে, তিনি হলেন অভিষেক মুখোপাধ্যায়। তিনি সিইএসসি লিমিটেডের কর্মী। তাঁর পরিবারের এই আনন্দ নজর এড়ায়নি সংস্থার চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কারও। অভিষেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল বাংলা ডট আজতক ডট ইন। আর অভিষেকের স্ত্রীকে নিজের প্রাক্তন পদার্থবিদ্যার শিক্ষিকা প্রিয়াঙ্কা ম্যাম বলে কমেন্ট করেছেন এক ব্যবহারকারী। এর সত্যমিথ্যা যাচাই করা সম্ভব হয়নি। 

Advertisement

এখনকার দিনে সাফল্যকে প্রায়ই সম্পদ, জনপ্রিয়তার মাপকাঠিতে বিচার করা হয়। কিন্তু উত্তর কলকাতার রাস্তায় রিকশায় চেপে যাওয়া এই বাঙালি পরিবার যেন মনে করিয়ে দিল, জীবনে সুখের আসল অর্থ। সুখের জন্য সব সময় দামি রেস্তোরাঁ, বিদেশ ভ্রমণ বা বিলাসবহুল জীবনযাপনের প্রয়োজন নেই। প্রিয় মানুষদের সঙ্গে থাকা, একসঙ্গে হাসা, পরিচিত কোনও গানে গলা মেলানোও আনন্দের।
 

POST A COMMENT
Advertisement