অন্নপূর্ণা যোজনায় কাটমানি খাওয়ার অভিযোগক্ষমতায় আসার পরই বাংলায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। তবে সেই অন্নপূর্ণা যোজনার টাকা থেকেও কাটমানি খাওয়ার অভিযোগ উঠল। অভিযুক্ত এক বিজেপি কর্মী। আর তাৎপর্যপূর্ণভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছে দলেরই অন্য এক কর্মী। ঘটনা রাজপুর-সোনারপুর পুরসভার বোড়ালের। (প্রতীকী ছবি)
অভিযোগ, টাকা না দিলে সরকারি প্রকল্প থেকে বঞ্চনার হুমকি দেওয়া হয়েছে। আর বিজেপি কর্মী পার্থ সাহার বিরুদ্ধে এহেন অভিযোগ করছেন দলেরই মণ্ডল সহ সভাপতি।
যতদূর খবর, এই ঘটনার সঙ্গে এলাকার বিজেপি কর্মীরই যোগ রয়েছে। এক অভিযোগকারী দাবি করেন, যে দিন অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, সে দিন ওই ব্যক্তি এসে জিজ্ঞেস করেন। তাতে অভিযোগকারী বলেন, 'হ্যাঁ, ঢুকেছে।' এরপরই অভিযুক্ত ৫০০ টাকা চান বলে জানা গিয়েছে।
আরও এক অভিযোগকারিণীর দাবি, টাকা হাতে পাওয়ার পরই তাঁর সঙ্গে যোগাযোগ করেন এক বিজেপি কর্মী। প্রথমে তিনি জানতে চান, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন কি না। এরপরই পুজোর চাঁদা দেওয়ার প্রসঙ্গ তোলেন। ওই মহিলার অভিযোগ, তাঁকে বলা হয়, টাকা পাওয়ার পর পুজো মণ্ডপের জন্য ১,০০০ থেকে ১,৫০০ টাকা দিতে হবে। এটাই নাকি 'সিস্টেম'।
অভিযোগকারিণীর বক্তব্য, প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তি বারবার চাঁদার কথা মনে করিয়ে দেন। পঞ্চমীর দিন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছিলেন বলে তিনি জানান। এরপর যে বাড়িতে রান্নার কাজ করেন, সেখানকার মালিকদের বিষয়টি জানান। তাঁদের পরামর্শ ছিল, টাকা দেওয়ার আগে দলের উপরমহলের সঙ্গে কথা বলা উচিত। সেখান থেকে সম্মতি মিললে তবেই চাঁদা দেওয়া হবে। অভিযোগকারিণীর দাবি, পার্থ নামে এক বিজেপি কর্মীই তাঁর কাছে টাকা চেয়েছিলেন।
এই ঘটনাকে সামনে রেখে সরব হয়েছেন সোনারপুরের বিজেপির মণ্ডল সহ-সভাপতি বরুণ হালদারও। তাঁর অভিযোগ, রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাইয়ে দেওয়ার পর স্থানীয় মহিলাদের কাছ থেকে ১,৫০০ টাকা করে দাবি করা হচ্ছে। কারও কাছে একবারে। আবার কারও কাছে কিস্তিতে টাকা চাওয়া হচ্ছে।
বরুণের অভিযোগ, পার্থ সাহা নামে এক ব্যক্তি এই টাকা চাইছেন। নিজেকে রাজ্য কমিটির সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়েছে। পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে বলেও ওই ব্যক্তি দাবি করে বলে অভিযোগ।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পার্থ সাহা। তাঁর বক্তব্য, কোনও অভিযোগকারিণীর কাছ থেকেই তিনি টাকা দাবি করেননি। যাঁরা অভিযোগ করছেন, তাঁদের সবাইকে তিনি চেনেনও না। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইয়ে দেওয়ার সঙ্গে কোনও আর্থিক দাবির সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি। পার্থর দাবি, যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের আগে থেকে স্বেচ্ছায় চাঁদা দেওয়ার প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতির কথাই তিনি মনে করিয়ে দিয়েছেন। তিনি জানান, প্রতিটি ক্ষেত্রেই বিল দিয়ে টাকা নেওয়া হয়েছে।