কলকাতা মেট্রোয় ভোগান্তি।-ফাইল ছবিদ্বিতীয় দফার ভোটের দিন শহরে যাতায়াত নিয়ে দুশ্চিন্তা ছিল অনেকেরই। তবে সেই আশঙ্কা একেবারেই দূর করে স্বস্তির বার্তা দিল কলকাতা মেট্রো। ২৯ এপ্রিল, বুধবার ভোট থাকলেও মেট্রো পরিষেবা চলবে সম্পূর্ণ স্বাভাবিক নিয়মেই, কোনও কাটছাঁট বা বিশেষ সময়সূচির পরিবর্তন করা হচ্ছে না।
কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ভোটগ্রহণের কারণে অনেকেই ভেবেছিলেন, হয়তো মেট্রোর সময়সূচিতে বদল আসতে পারে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ব্লু, গ্রিন এবং অরেঞ্জ, তিনটি লাইনেই প্রতিদিনের মতোই পরিষেবা চলবে। ফলে অফিসযাত্রী, পড়ুয়া কিংবা জরুরি কাজে বেরোনো মানুষ, সকলেই নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন।
ব্লু লাইনে (নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম) প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে সকাল ৬টা ৫৪ মিনিটে। শেষ ট্রেন যথাক্রমে রাত ৯টা ৪৫ মিনিট ও ৯টা ৪৪ মিনিটে।
গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ) প্রথম মেট্রো হাওড়া ময়দান থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে সকাল ৬টা ৩৯ মিনিটে ছাড়বে। শেষ পরিষেবা দু’দিক থেকেই রাত ৯টা ৫৫ মিনিটে।
অরেঞ্জ লাইনে (জয় হিন্দ এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া) প্রথম ট্রেন জয় হিন্দ থেকে সকাল ৭টা ৪০ মিনিটে এবং নোয়াপাড়া থেকে সকাল ৭টা ১৮ মিনিটে ছাড়বে। শেষ ট্রেন নোয়াপাড়া থেকে রাত ৯টায় এবং জয় হিন্দ থেকে রাত ৯টা ২০ মিনিটে চলবে।
মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভোটের দিন যাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের বিষয়েও বিশেষ নজর রাখা হবে। শহরের অন্যতম ব্যস্ত পরিবহণ মাধ্যম হিসেবে মেট্রোর এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।