কেউ টিভি দেখে না! ফুটবল বিশ্বকাপ চলছে, কেবল ব্যবসা ধুঁকছে, গ্রাহক কত কমেছে জানেন?

কেবল অপারেটরদের মতে, একসময় বড় টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বহু মানুষ নতুন সংযোগ নিতেন। কিন্তু বর্তমানে বিভিন্ন মোবাইল অ্যাপ এবং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের কারণে সেই প্রবণতা প্রায় হারিয়ে গিয়েছে। অল্প খরচে কিংবা অনেক ক্ষেত্রে বিনামূল্যেই দর্শকরা সরাসরি খেলা দেখতে পারছেন। ফলে কেবল সংযোগের চাহিদা দ্রুত কমছে।

Advertisement
কেউ টিভি দেখে না! ফুটবল বিশ্বকাপ চলছে, কেবল ব্যবসা ধুঁকছে, গ্রাহক কত কমেছে জানেন?কেবল টিভি।-প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিশ্বকাপ ফুটবল মানেই একসময় ছিল আলাদা উন্মাদনা।
  • প্রিয় দলের জার্সি, পতাকা, পোস্টার কেনা থেকে শুরু করে রাত জেগে খেলা দেখা, সবকিছু মিলিয়ে উৎসবের আবহ তৈরি হতো সর্বত্র।

বিশ্বকাপ ফুটবল মানেই একসময় ছিল আলাদা উন্মাদনা। প্রিয় দলের জার্সি, পতাকা, পোস্টার কেনা থেকে শুরু করে রাত জেগে খেলা দেখা, সবকিছু মিলিয়ে উৎসবের আবহ তৈরি হতো সর্বত্র। এখনও সেই আবেগে ভাটা পড়েনি। কলকাতার চায়ের দোকানের আড্ডা থেকে অফিসের করিডর, সর্বত্রই এখন বিশ্বকাপ ফুটবল নিয়ে তুমুল আলোচনা। তবে এই উন্মাদনার মাঝেও বদলে গিয়েছে একটি গুরুত্বপূর্ণ ছবি। একসময় বিশ্বকাপ এলেই টিভি বিক্রির বাজারে জোয়ার আসত, কেবল সংযোগ নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যেত। কিন্তু এবার সেই চেনা দৃশ্য প্রায় উধাও।

টিভি ব্যবসায়ীদের দাবি, কয়েক বছর আগেও বিশ্বকাপ বা অলিম্পিকের মতো বড় ক্রীড়া প্রতিযোগিতা সামনে এলেই নতুন টেলিভিশন কেনার প্রবণতা চোখে পড়ত। অনেকে পুরনো টিভি বদলে বড় স্ক্রিনের আধুনিক টিভি কিনতেন। অনেক পরিবারে প্রথম টেলিভিশনও ঢুকত বিশ্বকাপের টানে। কিন্তু এখন সেই চাহিদা অনেকটাই কমে গিয়েছে।

কলকাতার এক টিভি ব্যবসায়ী জানান, বর্তমানে স্মার্টফোনের ব্যাপক প্রসার টেলিভিশনের বাজারে বড় প্রভাব ফেলেছে। এখন মানুষ হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনেই সরাসরি ম্যাচ দেখতে পারছেন। শুধু খেলা নয়, খবর, সিনেমা, সিরিজ, সবই সহজে দেখা যাচ্ছে স্মার্টফোনে। ফলে নতুন টিভি কেনার প্রয়োজনীয়তা আগের তুলনায় অনেকটাই কমেছে।

অন্যদিকে, কেবল ব্যবসার অবস্থাও খুব একটা আশাব্যঞ্জক নয়। কেবল অপারেটরদের মতে, একসময় বড় টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বহু মানুষ নতুন সংযোগ নিতেন। কিন্তু বর্তমানে বিভিন্ন মোবাইল অ্যাপ এবং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের কারণে সেই প্রবণতা প্রায় হারিয়ে গিয়েছে। অল্প খরচে কিংবা অনেক ক্ষেত্রে বিনামূল্যেই দর্শকরা সরাসরি খেলা দেখতে পারছেন। ফলে কেবল সংযোগের চাহিদা দ্রুত কমছে।

কলকাতার কেবল অপারেটর অপূর্ব ভট্টাচার্যের কথায়, গত কয়েক বছরে তাঁদের গ্রাহকসংখ্যা প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। শুধু বিশ্বকাপ নয়, সামগ্রিকভাবে মানুষের বিনোদন গ্রহণের ধরনই বদলে গিয়েছে। এখন টেলিভিশনের পরিবর্তে মোবাইল, ট্যাব বা ল্যাপটপই হয়ে উঠেছে বিনোদনের প্রধান মাধ্যম।

Advertisement

তাই বলা যায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মানুষের আবেগ, উত্তেজনা ও ভালোবাসা আজও অটুট। কিন্তু প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে সেই আবেগ প্রকাশের মাধ্যম। মাঠের লড়াই নিয়ে উন্মাদনা থাকলেও, তার প্রভাব আর টিভির শোরুম বা কেবল সংযোগের বাজারে পড়ছে না। বিশ্বকাপ এখন অনেকটাই মোবাইলের পর্দায় বন্দি।

 

POST A COMMENT
Advertisement