পর্যাপ্ত বিধায়কের অনুপস্থিতির জেরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং বাতিল করতে হয়েছে রবিবার। সেই ঘটনাকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'এত আন্দোলন, মিটিং, মিছিল হচ্ছে, বিধায়করা পৌঁছতেই পারছেন না!' কালীঘাটের ওই ভেস্তে যাওয়ার মিটিং নিয়ে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু বললেন, 'প্রতিহিংসা আমরা নিতে চাই না। পার্টিটা উঠে গেছে। আমি কোনও দিন দেখিনি, প্রার্থী ভোটের আগের দিন বলছেন, আমি লড়ব না। কার্যত পার্টিটা উঠে গিয়েছে। এবং কালকেও টিভিতে দেখছিলেন ৮০ জনের ১৭ না ২০ জন মিটিংয়ে উপস্থিত ছিলেন। তারপর বললেন, আজকের মতো বাতিল। এত আন্দোলন হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, বিধায়করা পৌঁছতে পারছেন না! মিছিল কী হয়েছে গতকাল দেখেছি, আজও দেখব। আপনাদের কোনও লোক রাস্তায় নামবে না। যে কাণ্ডকারখানা আপনারা করেছেন, তাতে আর কোনও সুযোগ নেই পশ্চিমবঙ্গে আপনাদের। আপনাদের কোনও লোক রাস্তায় নামবে না। বর্তমান রাজ্য সরকার কোনও অ্যাজেন্ডার মধ্যেই নেই ওরা।'