ম্যাঙ্গো পান্না গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে বাজারে আম পাওয়া যাচ্ছে। মিষ্টি আম যেমন রসনা তৃপ্ত করে, তেমন কাঁচা আমের টক স্বাদ গরমের দাবদাহ মেটাতে সহায়তা করে। কাঁচা আম দিয়ে তৈরি আম পান্না কেবল সতেজ পানীয় নয়, এটি অসংখ্য স্বাস্থ্যগুণে সমৃদ্ধ; যা আপনাকে তীব্র গরম এবং তাপপ্রবাহ থেকে রক্ষা করে। আম পান্না হল গ্রীষ্মের এক মহৌষধ।
আম পান্না ভিটামিন সি, আয়রন এবং ম্যাগনেসিয়ামের একটি চমৎকার উৎস। এটি হজমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। এর টক স্বাদ এবং পুদিনার সতেজতা শরীরের ক্লান্তি দূর করে এবং তাৎক্ষণিক শক্তি যোগায়। জেনে নিন, ঘরে বসে নিজেই কীভাবে সহজ পদ্ধতিতে বানাবেন আম পান্না।
উপকরণ
২-৩টি কাঁচা আম।
১/২ কাপ তাজা পুদিনা পাতা
১/২ কাপ চিনি বা গুড় (স্বাদমতো)
১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
১ চা চামচ বিটনুন
১/২ চা চামচ গোলমরিচের গুঁড়ো
সাধারণ নুন (স্বাদমতো)
ঠাণ্ডা জল এবং বরফের টুকরো
প্রণালী
* প্রথমে আম সেদ্ধ করুন। কাঁচা আমগুলো ভাল করে ধুয়ে একটি প্রেসার কুকারে নিয়ে ২-৩টি সিটি না ওঠা পর্যন্ত সেদ্ধ করুন। আম ঠাণ্ডা হয়ে গেলে সেগুলোর খোসা ছাড়িয়ে শাঁস বা পাল্পটুকু একটি বাটিতে তুলে নিন।
* মিশ্রণ তৈরি করুন: এবার একটি মিক্সারে আমের শাঁস, পুদিনা পাতা, চিনি/গুড় এবং সামান্য জল দিয়ে একটি মসৃণ পেস্ট বা মিশ্রণ তৈরি করে নিন।
* মশলা যোগ করুন: তৈরি করা পেস্টটির সঙ্গে ভাজা জিরের গুঁড়ো, বিট নুন, গোলমরিচের গুঁড়ো এবং সাধারণ লবণ মিশিয়ে নিন।
* পরিবেশন: একটি গ্লাসে প্রস্তুত কৃত মিশ্রণ থেকে ২-৩ টেবিল চামচ নিন, এরপর তাতে ঠাণ্ডা জল এবং বরফের টুকরো যোগ করুন। উপরে একটি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিন এবং ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।