বাড়িতেই বানিয়ে ফেলুন আচারি আলু টিক্কা।Achari Aloo Tikka Recipe: সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। কখনও সিঙাড়া, কখনও পকোড়া, আবার কখনও তেলেভাজা। কিন্তু একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়ে লাগতেই পারে। তাই এবার আপনাদের জন্য় রইল একেবারে নতুন রেসিপি। বাড়িতেই বানিয়ে ফেলুন আচারি আলু টিক্কা। আলু দিয়ে তৈরি এই জলখাবার যেমন সহজ, তেমনই খেতে দারুণ চটপটে। এমনি এমনিও খেতে পারেন, আবার ডালভাত দিয়েও দারুণ জমে।
বাইরে হালকা মুচমুচে। ভিতরে নরম। তার সঙ্গে আচারের মশলার ঝাঁঝালো স্বাদ। সব মিলিয়ে বিকেলের চায়ের সঙ্গে দারুণ জমে যায় আচারি আলু টিক্কা। বাড়িতে অতিথি এলেও অল্প সময়ের মধ্যেই এই জলখাবার বানিয়ে পরিবেশন করতে পারেন।
সবচেয়ে মজার বিষয় হল, এর জন্য খুব বেশি উপকরণও লাগে না। বাড়ির রান্নাঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। খালি সঠিকভাবে আলু সেদ্ধ করা আর মশলার ম্যারিনেশনই এই রেসিপির মূল টেকনিক।
আচারি আলু টিক্কা বানাতে প্রথমে ১০-১২টি ছোট আলু সেদ্ধ করে নিতে হবে। তবে আলু যেন একেবারে গলে না যায়। বেশি সেদ্ধ হলে পরে মশলা মাখানোর সময় আলু ভেঙে যেতে পারে। আলু সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন। এ বার কাঁটা চামচ দিয়ে আলুর গায়ে হালকা করে কয়েকটি ফুটো করে দিন। এতে মশলা আলুর ভিতরেও ঢুকে যাবে। টিক্কার স্বাদ হবে আরও ভাল।
এর পর তৈরি করতে হবে অচারী মশলার মেরিনেশন। একটি বড় পাত্রে আধ কাপ ঘন দই নিন। তার মধ্যে দিন এক টেবিল চামচ অচারী মশলা, দু’টেবিল চামচ ভাজা বেসন, এক চা চামচ আদা-রসুন বাটা এবং এক টেবিল চামচ সর্ষের তেল। এর সঙ্গে দিন আধ চা চামচ লঙ্কাগুঁড়ো, আধ চা চামচ হলুদ, এক চা চামচ ধনে গুঁড়ো এবং এক চিমটি কসুরি মেথি।
এ বার মিশ্রণে এক চা চামচ লেবুর রস এবং স্বাদমতো নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সব উপকরণ মিশে ঘন মশলার মিশ্রণ তৈরি হলে তার মধ্যে সেদ্ধ আলুগুলি দিয়ে দিন। খুব হালকা হাতে আলুগুলি মিশিয়ে নিন। খেয়াল রাখতে হবে, প্রতিটি আলুর গায়ে যেন মশলার প্রলেপ ভাল ভাবে লেগে যায়।
মশলা মাখানো আলু ঢেকে ১৫-২০ মিনিট রেখে দিন। এই সময়টুকু খুব গুরুত্বপূর্ণ। এতে আলু মশলার স্বাদ ভাল ভাবে শুষে নেবে। ফলে রান্নার পর আচারি মশলার গন্ধ ও স্বাদ আরও বেশি পাওয়া যাবে।
এ বার গ্যাসে নন-স্টিক প্যান বা তাওয়া বসিয়ে গরম করুন। তাতে সামান্য তেল অথবা মাখন দিন। মশলা মাখানো আলুগুলি প্যানে সাজিয়ে দিন। আঁচ কম থেকে মাঝারি রাখুন। ধীরে ধীরে আলুগুলি ভাজতে হবে। কিছুক্ষণ পর পর আলু উল্টে দিন। সব দিক ভাল ভাবে সেঁকা হলে আলুর গায়ে সুন্দর সোনালি রং ধরবে। বাইরের অংশ হবে হালকা মুচমুচে।
আলু ভাল ভাবে সেঁকা হয়ে গেলে প্যান থেকে তুলে একটি প্লেটে রাখুন। উপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে দিন।
বিকেলের চায়ের সঙ্গে হোক বা ডাল-ভাতের সঙ্গে, আচারি আলু টিক্কা একেবারে নতুন স্বাদের খাবার। বাড়ির ছোট থেকে বড়; সকলেই এই মুচমুচে, ঝাল-টক আলুর পদ চেটেপুটে খাবেন।