স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন অন্ধ্রপ্রদেশের পাঁচমেশালি ডাল। রোজ ভাত কিংবা রুটির সঙ্গে একই রকম ডাল খেতে খেতে বিরক্ত লাগছে? তা হলে স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন অন্ধ্রপ্রদেশের পাঁচমেশালি ডাল। পাঁচ রকম ডালের সঙ্গে মশলার মিশেলে তৈরি এই পদ স্বাদে যেমন দারুণ, তেমনই পুষ্টিকরও। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে দিব্যি জমে যাবে এই ডাল। সবচেয়ে ভাল বিষয়, রান্নার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। সহজে, সামান্য কয়েক ধাপেই তৈরি করা যায়।
উপকরণ
অরহর ডাল, মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল এবং মাষকলাই ডাল। পাঁচ রকম ডাল সমপরিমাণে বা পছন্দমতো মিশিয়ে নিতে পারেন। লাগবে পেঁয়াজ, টম্যাটো, কাঁচালঙ্কা, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং সামান্য তেঁতুলের জল। ফোড়নের জন্য রাখুন সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, কারিপাতা ও হিং। স্বাদ বাড়াতে সামান্য ঘি বা তেল ব্যবহার করতে পারেন।
কীভাবে বানাবেন?
প্রথমে পাঁচ রকম ডাল ভাল করে ধুয়ে নিন। অন্তত ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখলে রান্না করতে সুবিধা হবে। এ বার প্রেসার কুকারে ডাল, কুচোনো পেঁয়াজ, টম্যাটো, আদা-রসুন, কাঁচালঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন এবং প্রয়োজনমতো জল দিন। ডাল নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন।
এর পর একটি পাত্রে তেল বা ঘি গরম করুন। তাতে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, কারিপাতা ও সামান্য হিং দিয়ে ফোড়ন তৈরি করুন। ফোড়নটি সেদ্ধ ডালের মধ্যে ঢেলে দিন। অন্ধ্রপ্রদেশের স্বাদের ছোঁয়া আনতে অল্প তেঁতুলের জল মেশাতে পারেন। সব উপকরণ ভাল করে মিশিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিন। ডাল বেশি ঘন হলে সামান্য গরম জল দিন।
গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এই ডাল খেতে দারুণ লাগে। চাইলে উপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।