Jhinge Aloo Posto Recipe: খাঁটি বাঙালি স্টাইলে বানান টেস্টি ঝিঙে আলু পোস্ত, সহজ রেসিপি জানুন
খাঁটি বাঙালি স্টাইলে ঝিঙে আলু পোস্ত বানাতেই পারেন। এটা দারুণ একটি পদ। এই পদটা কীভাবে বানাবেন, তার রেসিপি জেনে নিন এই প্রতিবেদন থেকেই। তারপর ঝটপট বানান।
ঝিঙে আলু পোস্ত বানাবেন কীভাবে?- কলকাতা ,
- 14 Nov 2026,
- (Updated 14 Nov 2026, 2:13 PM IST)
হাইলাইটস
- খাঁটি বাঙালি স্টাইলে ঝিঙে আলু পোস্ত বানাতেই পারেন
- এটা দারুণ একটি পদ
- এই পদটা কীভাবে বানাবেন, তার রেসিপি জেনে নিন এই প্রতিবেদন থেকেই
বাঙালি বাড়ির অত্যন্ত জনপ্রিয় একটি পদ হল ঝিঙে আলু পোস্ত। এটি সুস্বাদুও বটে। এই পদ গরম ভাতের সঙ্গে খেতে লাগে দারুণ। তবে মুশকিল হল, আজকাল অনেকেই বাঙালি স্টাইলে খাঁটি ঝিঙে আলু পোস্ত বানাতে পারেন না। তাই ঝটপট ঝিঙে আলু পোস্ত বানানোর রেসিপিটা জেনে নিন। এক্ষেত্রে এই পদটা বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবেন, সেই সব তথ্য দ্রুত জেনে নিন।
কী কী লাগবে?
- ঝিঙে লাগবে ৫০০ গ্রাম
- ২টি মাঝারি মাপের আলু নিন
- পোস্ত দানা নিন ৪ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা লাগবে ৪ থেকে ৫টি
- কালোজিরে নিন আধ চা চামচ
- সরষের তেল নিন ৩-৪ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো নিন ১/৪ চা চামচ (তবে সাদা পোস্ত খেতে চাইলে লাগবে না)
- নুন ও চিনি নিন স্বাদমতো
- জল লাগবে অল্প পরিমাণে
প্রস্তুতি নিন এভাবে
- সবার প্রথমে ঝিঙের খোসা পুরোপুরি না ছাড়িয়ে হালকা আঁচড়ে বা পাতলা করে ছাড়িয়ে নিন। এরপর ধুয়ে ডুমো করে কেটে নিন। ঝিঙে কাটার পর আর ধোবেন না। নইলে প্রচুর জল বেরবে। আলুও একই মাপে কেটে জলে ভিজিয়ে রাখুন। তাতে আলু কালো হবে না।
- এরপর পোস্ত দানাগুলো শুকনো অবস্থায় মিক্সিতে বেটে নিন। অথবা শিলনোড়ায় একবার ঘুরিয়ে গুঁড়ো করে নিন। তারপর ২টি কাঁচা লঙ্কা, সামান্য নুন ও অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে।
কীভাবে বানাবেন?
- গ্যাস জ্বালান। তারপর বাসান কড়াই। কড়াইতে ৩ টেবিল চামচ সরষের তেল দিন। সেটা ভাল করে গরম করুন। তেল গরম হলে কালোজিরে এবং ১টি চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরলে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিন।
- এরপর সামান্য নুন দিতে হবে। চাইলে অল্প হলুদ গুঁড়ো দিতে পারেন। আবার নাও দিতে পারেন। এরপর মাঝারি আঁচে আলুগুলো হালকা লালচে করে ভেজে নিন। আলু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এলে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিন।
- ঝিঙে দেওয়ার পর আঁচ মাঝারি রাখুন। তারপর ভাল করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিন। ঝিঙে থেকে যে জল বেরবে, তাতেই আলু ও ঝিঙে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন।
- ঝিঙে ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ও ঝিঙের অতিরিক্ত জল কিছুটা শুকিয়ে এলে বেটে রাখা পোস্তর পেস্টটা দিয়ে দিন। বাটি ধুয়ে সামান্য একটু জল দিতে পারেন।
- স্বাদমতো নুন ও সামান্য চিনি দিয়ে হালকা করে সবকিছু মিশিয়ে নিন। পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ কষাবেন না। তাতে পোস্তর আসল গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায় এবং তিতকুটে ভাব আসতে পারে। ২-৩ মিনিট কম আঁচে ফুটিয়ে মাখা মাখা করে নিন।
- নামানোর ঠিক আগে বাকি চেরা কাঁচা লঙ্কা এবং ওপরে ১ টেবিল চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। গ্যাস বন্ধ করে ২ মিনিট ঢেকে রাখুন।
- গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ঝিঙে আলু পোস্ত।
কিছু বোনাস টিপস
- রান্নার আগে এক টুকরো ঝিঙে মুখে দিয়ে দেখে নেবেন সেটি তেতো কি না। তেতো ঝিঙে পুরো রান্না নষ্ট করে দিতে পারে।
- আর একটা কথা, কচি ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়। তাই রান্নার শুরুতে একদমই জল দেবেন না।