Birbhum Lebu Aloo Posto: বীরভূমের স্টাইলে খাঁটি লেবু আলু পোস্ত বানানোর রেসিপি, বিউলির ডালের সঙ্গে জমবে দারুণ
বীরভূমের একটি জনপ্রিয় পদ লেবু আলু পোস্ত। এই অঞ্চলে পদটি মাখোমাখো করে বানানো হয়। খেতে হয় একবারে দারুণ। কীভাবে বানাবেন বীরভূমের মতো লেবু আলু পোস্ত? জেনে নিন রেসিপি।
বীরভূম স্টাইলে লেবু আলু পোস্ত - কলকাতা,
- 27 Oct 2026,
- (Updated 27 Oct 2026, 1:11 PM IST)
হাইলাইটস
- বীরভূমের একটি জনপ্রিয় পদ লেবু আলু পোস্ত
- এই অঞ্চলে পদটি মাখোমাখো করে বানানো হয়
- কীভাবে বানাবেন বীরভূমের মতো লেবু আলু পোস্ত?
পোস্তর সঙ্গে বীরভূমের গভীর সম্পর্ক। এই জেলার মানুষেরা পোস্ত রান্নায় ভীষণ পটু। এই জেলায় পোস্তর নানা রকমের পদ রাঁধা হয়। আর এমনই একটি সেরার সেরা পদ হল লেবু আলু পোস্ত। এটি বীরভূম অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় পদ। বীরভূমের রান্নার প্রধান বৈশিষ্ট্য হল, এখানে পোস্তর নিজস্ব স্বাদকে প্রাধান্য দেওয়া হয়। তাই পদটা খেতে হয় দারুণ। তাই ঝটপট বীরভূমের স্টাইলে লেবু আলু পোস্ত বানানোর সহজ রেসিপি জেনে নিন। তারপর সহজেই বানিয়ে নিন মাখোমাখো পদটি। বিউলির ডাল দিয়ে গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করুন। খেতে লাগবে দারুণ।
কী কী লাগবে?
- ২টি বড় সাইজের আলু নিন
- পোস্ত দানা লাগবে ৩ থেকে ৪ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা নিন ৪ থেকে ৫টি
- কালো জিরে লাগবে আধ চা চামচ
- সর্ষের তেল নিন ৩ থেকে ৪ টেবিল চামচ
- নুন ও চিনি লাগবে স্বাদমতো
- গন্ধরাজ লেবুর রস নিতে হবে ১ টেবিল চামচ
- আর লেবুর খোসা বা জেস্টও নিন অল্প একটু
কীভাবে বানাবেন?
- সবার প্রথমে আলুটা ধুয়ে কেটে নিতে হবে ডুমো ডুমো করে।
- ওদিকে জলে পোস্ত ভিজিয়ে রাখুন ৩০ মিনিটের মতো।
- তারপর ভিজিয়ে রাখা পোস্তর জল ছেঁকে নিন। এরপর ২ থেকে ৩টি কাঁচা লঙ্কা এবং সামান্য জল দিয়ে মিক্সার বা শিলনোড়ায় একদম মিহি করে বেটে নিতে হবে। তারপর বাটিতে তুলে রাখুন।
- এরপর গ্যাস জ্বালান। তাতে চাপান কড়াই। তাতে ৩ টেবিল চামচ সর্ষের তেল গরম করুন। তেল থেকে ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে দিতে হবে। এরপর কালো জিরে এবং ২টি চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন।
- কিছুক্ষণের মধ্যেই ফোড়ন থেকে সুগন্ধ বেরবে। তারপর কেটে রাখা আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিন। সামান্য নুন দিয়ে আলুগুলো মাঝারি আঁচে হালকা সোনালী করে ভেজে নিতে হবে।
- আলু হালকা ভাজা হলে পরিমাণমতো জল দিন। এরপর ঢাকা দিয়ে ১০ থেকে ১২ মিনিট সেদ্ধ হতে দিন। এই সময় আঁচ থাকবে কম।
- আলু পুরোপুরি সেদ্ধ হয়ে জল কমে এলে ঢাকনা খুলে দিন। তারপর আগে থেকে বেটে রাখা পোস্ত দিয়ে দিন। স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিতে হবে। কম আঁচে ৩ থেকে ৪ মিনিট ভাল করে নাড়াচাড়া করুন। তাতে পোস্ত আলুর গায়ে মাখামাখি হয়ে শুকনো টেক্সচার তৈরি করবে।
- পোস্ত গা-মাখা মাখা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এবার উপর থেকে ১ চামচ খাঁটি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন।
- তারপর হল আসল কাজ। এক্ষেত্রে ১ চামচ গন্ধরাজ লেবুর রস এবং লেবুর সবুজ খোসা গ্রেটারে খুব সামান্য ঘষে পোস্তর ওপর ছড়িয়ে দিন। হালকা হাতে এগুলি একবার মিশিয়ে নিতে হবে। কড়াই ঢাকা দিয়ে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম রাখুন। তাতে লেবু আর কাঁচা তেলের সুবাস পোস্তর সঙ্গে ভালোভাবে মিশে যাবে।
ব্যাস, তৈরি হয়ে গেল বীরভূম স্টাইলের খাঁটি লেবু আলু পোস্ত। বিউলির ডাল এবং গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করুন। একবারে জমে যাবে।