১৭ মশলার ম্যাজিক, গোয়ার ট্র্যাডিশনাল ‘চিকেন শাকুতি’ আর মুচমুচে পোই ব্রেডের রাজকীয় স্বাদAuthentic Goan Chicken Xacuti: গোয়ান রন্ধনশৈলীর মুকুটে যদি কোনো সেরা পালক থেকে থাকে, তবে তা নিঃসন্দেহে ‘চিকেন শাকুতি’। একে স্রেফ সাধারণ কোনো চিকেন কারি বা মাংসের ঝোল ভাবলে মস্ত ভুল করবেন, এটি আসলে খাঁটি গোয়ান মশলার এক জাদুকরী রসায়ন।
এই পদের আসল রহস্য লুকিয়ে রয়েছে এর বিশেষ মশলা প্রস্তুতিতে। কড়াইয়ে শুকনো খোলায় অত্যন্ত যত্ন সহকারে ড্রাই রোস্ট বা ভাজা হয় নারকেল কোরা, পোস্ত, তিল, শুকনো লঙ্কা এবং স্টার অ্যানিস (মৌরি ফুল) সহ মোট ১৭ রকমের সাবেকি মশলা। এরপর সেই ভাজা মশলা নিখুঁতভাবে বেটে একটি গাঢ় বাদামি রঙের মিশ্রণ তৈরি করা হয়, যার সুবাসেই অর্ধেক খিদে চনমন করে ওঠে।
এই বিশেষ কষানো মশলাতেই ধিমে আঁচে রান্না হয় মুরগির মাংস কিংবা মাশরুম। তবে এই পদের আনন্দ ষোলোআনা উপভোগ করতে হলে ভাতের বদলে পাতে চাই গোয়ার নিজস্ব দেশি পাঁউরুটি, যাকে স্থানীয় ভাষায় বলা হয় ‘পোই ব্রেড’ (Poi Bread)। এই বিশেষ পাউরুটির বৈশিষ্ট্য হলো, এর মাঝখানটা থাকে একেবারে ফাঁকা আর ওপরের চামড়াটা হয় দারুণ খাস্তা ও মুচমুচে। সেই গরম গরম খাস্তা পোই ব্রেড ঘন, সুগন্ধী শাকুতির গ্রেভিতে ডুবিয়ে মুখে দেওয়া মাত্রই স্বর্গীয় অনুভূতি হতে বাধ্য।